ইরানকে হারিয়েও আত্মবিশ্বাসী হতে চায় না বাংলাদেশ

ইরানকে হারিয়েও আত্মবিশ্বাসী হতে চায় না বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলের যে কোনও অঙ্গনেই বাংলাদেশের সাফল্য এক বিরল দৃশ্য! আর সেখানেই ব্যতিক্রমী ধারার সূচনা করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ নারী দল। আজ শনিবার বঙ্গবন্ধু  জাতীয় স্টেডিয়ামে ইরানকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

ছয় দলের এ গ্রুপে ইরানই সবচেয়ে শক্তিশালী দল। আর তাদেরকে হারিয়ে বাংলাদেশ এখন স্বপ্ন দেখতে পারে চ্যাম্পিয়ন হওয়ার। যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ তবে আগামী বছর থাইল্যান্ডে চীন, জাপান, কোরিয়ার সঙ্গে চূড়ান্ত পর্বে খেলার টিকিট পাবে লাল-সবুজরা। উল্লেখ্য, মহাদেশীয় পর্যায়ের কোনও প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে কখনও খেলেনি বাংলাদেশের কোনও পর্যায়ের ফুটবল দল।

তবে ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় দলকে অতি আত্মবিশ্বাসী হতে নিষেধ করেছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। তিনি বলেন, ‘ইরানকে হারানো মানে বিশাল এক বাঁধা অতিক্রম। আমাদের গত তিন মাসের প্রস্তুতি ছিল এ ম্যাচকে ঘিরে। দল ভালো খেলেছে, আরও গোল হতে পারতো তবে খেলোয়াড়রা হয়তো একটু নার্ভাস ছিল। কারণ ইরানের বিপক্ষে খেলা, এখন শুধু সতর্কভাবে সামনের দিকে পথ চলা। অন্যান্য দলকে খাঁটো করে দেখবো না। আমরা চাই স্বাভাবিক খেলাটা খেলে লক্ষ্য অর্জন করতে। আজকের জয় প্রমাণ করে বাংলাদেশের নারী ফুটবল কঠোর পরিশ্রম করছে আর উন্নতিও করছে।’

 /আরএম/এফআইআর/