বাংলাদেশকে সতর্কবার্তা দিয়ে রাখলো চাইনিজ তাইপে

আগামী ৩ সেপ্টেম্বর এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সি-এর বাছাই পর্বে আয়োজক বাংলাদেশের বিপক্ষে অঘোষিত ফাইনালের আগে সিংগাপুরের বিপক্ষে ৯-০ গোলের বড় জয় দিয়ে ওয়ার্ম-আপ সেরে নিলো চাইনিজ তাইপে।

এর আগে কিরগিজস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে যথাক্রমে ৭-১ ও ৫-০ গোলে হারানোর সুবাদে তাদের গোল গড় অনেক ভালো। পয়েন্ট সমান হয়ে গেলে গোল গড়ই গড়ে দেবে পার্থক্য আর সে কাজটা ভালো ভাবেই সেরে নিয়েছে তাইপে।   

আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম অনুষ্ঠিত সিঙ্গাপুর-চাইনিজ তাইপের লড়াইটা ছিল একতরফা। প্রতিপক্ষকে মাথা তুলে দাঁড়াবার সুযোগই দেয়নি তাইপের কিশোরীরা। ম্যাচের ৩ মিনিটেই দলীয় অধিনায়ক মিডফিল্ডার সু ইউ সুয়ান গোল করে দলকে লিড এনে দেন (১-০)। দলের হ্যাটট্রিকটাও এসেছে সুয়ানের কাছ থেকেই। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন মিডফিল্ডার ঝেং ইয়া জিহ (২-০)। এর ঠিক দু’মিনিট পরই আরও একবার সিঙ্গাপুরের জালে বল পাঠান মিডফিল্ডার দাই লিং (৩-০)। ৩৩ মিনিটে মিডফিল্ডার নিয়েনের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০।

দ্বিতীয়ার্ধেও চলতে থাকে তাইপের গোল উৎসব। ৫১ মিনিটে গোল করেন বদলি মিডফিল্ডার ইউ জু (৫-০)। ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন নিয়েন (৬-০)। ৮৩ মিনিটে আবারও সিঙ্গাপুরের জাল কাঁপান দলীয় অধিনায়ক সুয়ান (৭-০)। হ্যাটট্রিকের সুযোগটা মিস করেননি এই মিডফিল্ডার।  ৫ মিনিট পরই আরও এক গোল করে হ্যাটট্রিক করেন সুয়ান (৮-০)। ইনজুরি টাইমের প্রথম মিনিটে (৯০+১) সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন মিডফিল্ডার ঝেং ইয়া জিহ (৯-০)। রেফারি শেষ বাঁশি বাঁজালে বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তাইপের মেয়েরা।

 

/আরএম/এফআইআর/