আজ শুক্রবার ভোরে মন্তেভিদিওতে উরুগুয়ের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির চোট নিয়ে ইতিবাচক মন্তব্যই করেছেন বাউসা। এখন অনেকটাই ভালো আছেন বলে আশ্বস্ত করেছেন তিনি, ‘মেসি ভালো আছে। আমি তো কোনও সমস্যা দেখছি না।’
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উরুগুয়ে, তাদের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে আর্জেন্টিনা রয়েছে তৃতীয় স্থানে। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে মেসিকে চাই-ই চাই বাউসার, ‘এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। ওকে তাই ভীষণ দরকার।’ চোটের কারণে আগেই আর্জেন্টিনা হারিয়েছে সের্হিয়ো আগুয়েরো ও হাভিয়ের পাস্তোরেকে। তাদের জায়গায় অবশ্য ভালো মানের আরও অনেক খেলোয়াড়ই আছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাই বাউসা জয়ের ব্যাপারেও আশাবাদী, ‘এই দলটার ওপর বিশ্বাস আছে আমার। আর আমার মনে হয় ভালো একটা ম্যাচ হবে এবং আমরা জিতব।’
/কেআর/