মেসির সঙ্গে খেলে দিবালার স্বপ্ন পূরণ

পাউলো দিবালা

আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে তার আরও এক বছর আগে। খেলে ফেলেছেন তিন ম্যাচ। তবু স্বপ্নটা পূরণ হচ্ছিল না কোনওমতে। একই দেশের জার্সি পড়া, অথচ লিওনেল মেসির সঙ্গে খেলতে পারছেন না পাউলো দিবালা! তিনি থাকলে মেসি থাকেন না, মেসি থাকলে আবার তিনি থাকেন দলের বাইরে। এই পরিস্থিতির মধ্যে আবার বার্সেলোনা ফরোয়ার্ড দিলেন অবসরের ঘোষণা। দিবালা তাই ধরেই নিয়েছিলেন, মেসির সঙ্গে খেলার ভাগ্য আর হচ্ছে না তার। শেষ পর্যন্ত তিনি সফল। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে একসঙ্গে মাঠে নামতে পেরে স্বপ্ন পূরণের আনন্দে আত্মহারা জুভেন্টাস ফরোয়ার্ড।
যদিও আনন্দের মাঝে বেদনার নীল রঙ মিশে গিয়েছিল বিরতির আগ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে দিবালা মাঠ ছাড়ায়। সেই হতাশা অবশ্যই আছে তার, তবে ‘প্রিয়’ তারকার সঙ্গে মাঠে খেলতে পারার অনুভূতি একটু হলেও কষ্ট ভুলিয়ে দিয়েছিল তাকে। মেসির সঙ্গে খেলার অনুভূতি ভাগাভাগি করলেন দিবালা এভাবে, ‘এর আগে (উরুগুয়ের ম্যাচ) কখনও আমি মেসির সঙ্গে খেলিনি। আমার স্বপ্ন ছিল তার সঙ্গে খেলার, যেটা আমি করতে পেরেছি।’ একটা সময় এই আশাটা ছেড়েই দিয়েছিলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড, কারণটা শুনুন তার মুখেই, ‘কোপা আমেরিকার পর মেসি যখন অবসর নিলেন, ভেবেছিলাম তার সঙ্গে খেলার সুযোগটা আর হবে না। যদিও (উরুগুয়ে) ম্যাচটার সময় খুব ভালোভাবে বুঝতে পারলাম আর্জেন্টিনার জার্সির প্রতি তার দায়বদ্ধতা আর সবার চেয়ে বেশি।’
মেসির প্রতি তার ভালোবাসা এতটাই যে জার্সি বদল করার সুযোগটাও হাতছাড়া করতে চান না। জাতীয় দলে যেহেতু সুযোগটা নেই, তাই ক্লাবে কখনও দেখা হলে কাজটা করতে চান তিনি, ‘চ্যাম্পিয়নস লিগে দেখা হলে তার জার্সিটা চাইব। জাতীয় দলে তো আর করতে পারি না, কারণ তিনি আমার সতীর্থ।’
/আরকে/