পারিবারিক সমস্যার মাঝেও অনন্য এই মেয়েরা

‘ক্যাপ্টেন লিডস ফ্রম দ্য ফ্রন্ট’-অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে কথাটির যাথার্থতা প্রমাণ করেছেন বাংলাদেশের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। সোমবার আরব আমিরাতকে ৪-০ গোলে হারিয়েছে লাল সবুজের মেয়েরা। যে ম্যাচে জোড়া গোল করেছেন কৃষ্ণা। গোলের পর গোল করে বাংলাদেশের নারী ফুটবলকে অন্য ধারায় নিয়ে যাওয়া এই অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড়দের মাঠে বাইরে কিন্তু সামলাতে হয় অনেক সমস্যা।পারিবারিক সমস্যাটাই এদের সবচেয়ে বেশি। আমিরাতকে হারানোর পর কৃষ্ণার কণ্ঠ থেকে সেই হতাশা ঝড়লেও মেয়েদের পূর্ণ নজর থাকে মাঠের ফুটবলে।

‘দলের প্রতিটি খেলোয়াড়ই ফুটবল নিয়ে ভাবে। পরিবারের টানাপোড়েন থাকলেও ফুটবল নিয়েই আমরা চিন্তা করি।’-খেলোয়াড়দের মাঠের ফুটবলের প্রতি নিজেদের আত্মনিবেদন বোঝাতে এমনটাই বলেছেন কৃষ্ণা। তার কথাটা কতটা সত্যি, সেটা তো মাঠের ফুটবলই বলে দেয়। তাদের পারফরম্যান্সের প্রশংসা যখন ঝড়ছে সারা দেশে, তখন মেয়েদের অধিনায়ক নিজে নাকি বিশ্বাসই করতে পারছেন না এই সাফল্য। আমিরাত ম্যাচের পরও বিস্ময় খেলা করছিল তার চোখে মুখে, ‘আমরা নিজেদের এভাবে উঁচুতে নিয়ে যাবো সেটা কখনও ভাবিনি।’

বিশ্বাস করতে না পারলেও নিজেদের কঠোর পরিশ্রমেই এমন ফল বলে মনে করেন কৃষ্ণা, ‘আমাদের মাঝে তাড়না ছিল যোগ্যতা প্রমাণ করার। আমরা অনূর্ধ্ব-১৪ ফুটবলে নেপাল ও তাজিকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলার পর যেভাবে অনুশীলন করেছি, তারই ধারাবাহিকতায় আজকের এই সাফল্য।’

টানা পাঁচ ম্যাচ জয়ে পুরো ১৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ যোগ দিয়েছে আগামী ২০১৭ সালের সেপ্টেম্বরে হতে যাওয়া  চীনের চূড়ান্ত পর্বে। এমন পারফরম্যান্সে পুরো দলের দৃঢ় মনোবলই কাজে দিয়েছে বলে কৃষ্ণার বিশ্বাস, ‘এখানে দলের প্রতিটি খেলোয়াড়ের একাগ্রতা, মনোবল ছিল বলেই এভাবে খেলতে পেরেছি। আর চূড়ান্ত পর্বে উঠে গেছি, এর চেয়ে বড় কিছু চিন্তাই করতে পারি না।’

 

/আরএম/এফআইআর/