গোল খরার জন্য সিস্টেমকে দায়ী করলেন সেইন্টফিট

গতকাল মঙ্গলবার এএফসি কাপের বাছাইপর্বে ভুটানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও গোল করতে পারেনি লাল-সবুজের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে জাতীয় দলের খেলোয়াড়দের বসিয়ে রাখায় এমন দশা বলে মনে করেন কোচ কোচ টম সেইন্টফিট।

একইসঙ্গে তিনি সতর্কবাণীও ছুড়ে দিলেন। তার মতে, 'বাংলাদেশ প্রিমিয়ার লিগে জাতীয় দলের ফরোয়ার্ডদের নিয়মিত খেলাতে হবে। সেটা না হলে আগামী ১০ অক্টোবর থিম্পুতে অপেক্ষা করছে আরও কঠিন সময়।'

সেইন্টফিট বলেন, 'আমি একসঙ্গে দুঃখিত, হতাশ আবার গর্বিতও। যে ধারায় বাংলাদেশ খেলেছে তাতে আমি গর্ব অনুভব করি। আবার এটাও ভেবে পাচ্ছি না যে পুরো ম্যাচে সাত-আটটি গোলের সুযোগ পেয়ে একটি গোলও করতে পারলাম না কেন? জয়ের জন্য যা করা দরকার সবই করেছে বাংলাদেশ। পায়নি শুধু একটি গোলের দেখা।'

সার্বিক বিশ্লেষণ করে সেইন্টফিট দলের পারফরম্যান্সে সন্তুষ্ট, 'ডিফেন্সের কাজ দেখুন, চেমচোকে অকোজো করেই রেখেছে, ভারি মাঠের কথা বলা হচ্ছে, অথচ আমার ফরোয়ার্ডরা ১৪/১৫টি শট নিয়েছে। মাঝমাঠে শরিফ আহত হওয়ার পর আমি আক্রমণ আরও বাড়িয়ে দিলাম। আধিপত্যও আামাদের ছিল। কিন্তু পেলাম না একটি গোল।'

রেফারিং নিয়েও খুশি নন সেইন্টফিট। তার মতে, 'রেফারি অতিরিক্ত সময় কম দিয়েছেন। ভুটানি গোলরক্ষক ইচ্ছে করে কত সময় নষ্ট করেছে। বারবার এটি তার নজরে আনার চেষ্টা করেছি আমি।'

তবে এখনও সুযোগ শেষ হয়ে যায়নি বলেই মনে করেন সেইন্টফিট, 'এ ম্যাচে ভুটান গোল করতে পারেনি, এটি একটি সুবিধা। আমরা ১-১ গোলে ড্র করতে পারলেই চলে যাবো পরবর্তী পর্যায়ে। জেতার জন্যই ভুটান যাবো। তবে লিগে জাতীয় দলের ফরোয়ার্ডরা যাতে বেঞ্চে বসে না থাকে সেটি নিশ্চিত করতে হবে।

/আরএম/এমআর/