পতুর্গালের মাদেইরা থেকে উঠে আসা ‘অখ্যাত’ এক ছেলের বিখ্যাত হয়ে যাওয়াটা ম্যানচেস্টার ইউনাইটেডে। হ্যা, তারকা খ্যাতিটা ক্রিস্তিয়ানো রোনালদোর পাওয়া ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়ার পরই। তবে ভুলে গেলে চলবে না, সাফল্যের পথের সিঁড়িটা তৈরি করে দিয়েছিল স্পোর্তিং লিসবন। মাত্র ১২ বছর বয়সে পর্তুগিজ ক্লাবটির একাডেমিতে যোগ দিয়ে ধীরে ধীরে মূল দল এবং স্যার অ্যালেক্স ফার্গুসনের নজরে পড়া। সেই আঁতুর ঘর লিসবনের মুখোমুখি হচ্ছেন পতুর্গিজ যুবরাজ রাতে। ঘরের মাঠে লিসবনকে হারিয়ে চ্যাম্পিয়নদের মতো করেই চ্যম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করতে চায় তার দল রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র ভাগ্য রিয়াল-লিসবনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার পর রোনালদো জানিয়েছিলেন, তিনি মুখিয়ে আছেন জন্মভূমির ক্লাবের বিপক্ষে খেলার জন্য। একটু যেন আবেগপ্রবণও, শৈশবের ক্লাবের বিপক্ষে খেলা বলে কথা! যদিও পর্তুগিজ অধিনায়ক এও জানিয়ে রেখেছেন যে, এর আগেও তিনি মুখোমুখি হয়েছেন লিসবনের। নতুন করে সাক্ষাতের আগে নিজেকে ঝালিয়ে নিয়েছেন ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে। ওই ম্যাচ দিয়ে হাঁটুর চোট কাটিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরেছিলেন তিনি। আজ (বুধবার) রাতেও তাকে পুরো সময় খেলানোর পরিকল্পনা কোচ জিনেদিন জিদানের।
আগের দিন স্থগিত থাকা ম্যানচেস্টার সিটি-বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের ম্যাচটিও হবে রাতে। প্রচন্ড বৃষ্টি আর বজ্রপাতে ম্যাচটি স্থগিত করে দিয়েছিল ম্যাচ অফিসিয়ালরা। ম্যানসিটিকে নিয়ে পেপ গার্দিওলার চ্যাম্পিয়নস লিগ মিশন তাই শুরু হচ্ছে একদিন পর।
ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসও নামছে ঘরের মাঠে। চ্যাম্পিয়নস লিগের নতুন মিশনের শুরুতে তারা আতিথ্য দেবে সেভিয়াকে। ইংলিশ চ্যাম্পিয়ন লিস্টার সিটি অবশ্য অতিথি হয়ে যাচ্ছে ক্লাব ব্রুজের মাঠে। বরুশিয়া ডর্টমুন্ডও আতিথ্য নেবে লিগা ওয়ারশর মাঠে। ঘরের মাঠে টটেনহামের প্রতিপক্ষ মোনাকো। বেয়ার লেভারকুসেনের মাঠে খেলবে সিএসকেএ মস্কো।
/কেআর/