অনূর্ধ্ব-১৬ দলকে পৃষ্ঠপোষকতা করবে ইউনিলিভার?

অনূর্ধ্ব-১৬ নারী দলের পারফরম্যান্সে সন্তুষ্ট পুরো বাংলাদেশ। তাই সেই দলকে এগিয়ে নিতে বাফুফের ডাকে পৃষ্ঠপোষকতা করতে সাড়া দিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার।

বৃহস্পতিবার বিকালে ইউনিলিভার বাংলাদেশের প্রতিনিধিরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীনের সঙ্গে এ ব্যাপারে প্রাথমিক আলোচনায় বসেন।  কোনও কিছু চূড়ান্ত না হওয়ায় এ ব্যাপারে বিস্তারিত কথা বলতে রাজি হয়নি কোনও পক্ষই।

তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন জানান, ‘আশা করি এ ব্যাপারে আমি দলকে একটা ভালো খবর দিতে পারবো। তবে এজন্য কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।’

উল্লেখ্য, লাক্স, ক্লিয়ার, সানসিল্কসহ মোট ৪০০টি পণ্য রয়েছে ইউনিলিভারের। যা প্রতিদিন ২০০ কোটি মানুষ সারা বিশ্বে ব্যবহার করে থাকে।

/আরএম/এফআইআর/