জামালের কাছে মুক্তিযোদ্ধার প্রথম হার





জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম হারের স্বাদ নিলো মুক্তিযোদ্ধা। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় শেখ জামাল ৩-২ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে পৌঁছায়। মুক্তিযোদ্ধা এর আগে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে শীর্ষস্থানে ছিল। এখন সে স্থান এখন দখল করলো শেখ জামাল।unnamed
খেলার চতুর্থ মিনিটেই এগিয়ে যায় শেখ জামাল। নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডারলিংটনের একক নৈপুণ্যের গোল ছিল এটি, মাঝমাঠ থেকে তাকে থ্রু পাস দিয়েছিলেন ডিফেন্ডার কেষ্ট কুমার বোস। গতি আর পায়ের কাজে এমেকা ঝেড়ে ফেলেন দুই মুক্তিযোদ্ধা ডিফেন্ডারের প্রতিরোধ। গোলপোস্টের নীচে অসহায় গোলরক্ষক মামুন খানকে পরাস্ত করেন মাপা প্লেসিং শটে।
এর পাঁচ মিনিট পর এমেকার কাছ থেকেই দ্বিতীয় গোলের দেখা পায় শেখ জামাল। মুক্তিযোদ্ধা ডিফেন্ডার পিন্টু কুমার দাস প্রতিপক্ষের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে বল হাতে লাগিয়ে ফেলেন। বক্সের ভেতরে হ্যান্ডবল, তাই পেনাল্টি দিতে একটুও দেরি করেননি রেফারি আর স্পট কিক থেকে গোল করতেও ভুল করেননি এমেকা।
দুই গোলে পিছিয়ে পড়ার ঘাটতিটা কমাবার সুযোগ মুক্তিযোদ্ধা পেয়েছিল ১৩ মিনিটে, উইঙ্গার মোবরককে বক্সের মাঝে ফাউল করেন ডিফেন্ডার ইয়াসিন খান, ফলে পেনাল্টি পায় মুক্তিযোদ্ধা, কিন্তু নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসার শট পাঞ্চ করে রক্ষা করেন জামাল গোলরক্ষক মাকুসুদুর হমান মোশতাক।
শেখ জামালের হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এনসেলমে ৩৩ মিনিটে করেন তৃতীয় গোলটি, বক্সের ওপর থেকে নেয়া বাঁকানো শটটি ফেরাবার সময় পাননি মামুন খান।
প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টিতে ব্যবধান কমায় মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা ফরোয়ার্ড জাভেদ খানকে ফেলে দিয়েছিলেন জামাল গোলরক্ষক মোশতাক, এবার দলকে গোল পাইয়ে দেন ফরোয়ার্ড তৌহিদুল আলম।
দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্বক হয়ে ওঠা মুক্তিযোদ্ধা দ্বিতীয় গোল করে ৭৩ মিনিটে। দূর পাল্লার শটে ৩০ গজ দূর থেকে গোলটি করেন নাইজেরিয়ান মিডফিল্ডার সাইমন উজডিউকা।
৭৮ মিনিটে ফরোয়ার্ড শিহাব দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দল হয়ে যায় জামাল। তবে কোনও বাড়তি সুবিধা নিতে পারেনি মুক্তিযোদ্ধা। শেষ পর্যন্ত প্রথম হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে তারা।
/আরএম/এআর/