মুখোমুখি বার্সেলোনা-অ্যাতলেতিকো



াুউলা লিগা ‘দুই ঘোড়া’র রেস-কথাটা ভুল প্রমাণ করে ২০১৩-১৪ মৌসুমের শিরোপা জিতে নেয় অ্যাতলেতিকো মাদ্রিদ। বড় তারকা কিংবা ইউরোর ঝনঝনানি ছাড়াও যে সাফল্য পাওয়া যায়, শিরোপা জেতার সঙ্গে এই কথাটাও প্রমাণ করে মাদ্রিদের ক্লাবটি। তখন থেকেই লা লিগা রূপ নেয় ‘তিন ঘোড়ার’ রেসে। গত দুই আসরে শিরোপা জিততে না পারলেও বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ঘাম ঝড়িয়ে ছেড়েছে তারা। সেই অ্যাতলেতিকোর সামনেই আজ (বুধবার দিবাগত রাত) বার্সেলোনা। শিরোপা দৌঁড়ে এগিয়ে যেতে যে ম্যাচটা জেতা চাই-ই চাই কাতালান ক্লাবটির।
‘এল ক্লাসিকো’র চেয়ে কোনও অংশে কম উত্তাপ ছড়ায় না এই দ্বৈরথটি। গত মৌসুমেরি উত্তাপ তো ছাড়িয়ে গিয়েছিল ‘এল ক্লাসিকো’কেও! মৌসুমে শুরুতে আবার সেই উত্তেজনার ডালি সাজিয়ে তৈরি ন্যু ক্যাম্প। বুধবার দিবাগত রাত ২টায় ম্যাচটি শুরু হবে বার্সেলোনার মাঠেই। সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি সিক্স এইচডি চ্যানেলে।
গত দুই বছরে ডজনখানেক বার দেখা হয়েছে দল দুটির। সেখানে বার্সেলোনারই জয়জয়কার। লিগের কথা ধরলে সবশেষ মৌসুমে সাক্ষাৎ হওয়া দুই ম্যাচের দুটিতেই জিতেছে কাতালানরা। ন্যু ক্যাম্পের ম্যাচে মেসি ও সুয়ারেসের লক্ষ্যভেদে পেয়েছিল ২-১ গোলের জয়। বার্সেলোনার আক্রমণভাগের এই দুই তারকা চলতি মৌসুমেও আছেন ফর্মে। তাদের সঙ্গে নেইমার যোগ দেওয়ার পর ‘এমএসএন’ মিলে ইতিমধ্যে করেছেন ১৭ গোল। আজও তাদের দিকে তাকিয়ে বার্সেলোনা সমর্থকরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লুই এনরিকে পাচ্ছেন না স্যামুয়েল উমতিতিকে। ফরাসি ডিফেন্ডার অনুশীলনে চোট পেয়েছেন হাঁটুতে। তবে ফিট হয়ে ফিরেছেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন ও মিডফিল্ডার সের্হি রবার্তো।
ন্যু ক্যাম্পের কঠিন দ্বৈরথের আগে দুদলই সেরে নিয়েছেন তাদের প্রস্তুতি। দেপোর্তিভো আলাবেসের বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে উঠেছে বার্সা লেহানেসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে। আর অ্যাতলেতিকো জয়ের ধারা ধরে রেখেছে স্পোর্তিং গিহনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে।
তাদের আগেই মাঠে নামছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ‘লস ব্লাঙ্কোদের’ প্রতিপক্ষ ভিয়ারিয়াল।
/কেআর/