মেসির চোট বিতর্কে ক্ষমা চাইলো আর্জেন্টিনা



messi-2
‘বার্সেলোনা ঠিকঠাক দেখভাল করে না মেসির’-আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউসার এমন মন্তব্যের পর জল গড়িয়েছে অনেক দূর। বার্সেলোনা কর্তৃপক্ষ তো বটেই, মেসির সাবেক ক্লাব সতীর্থও সহজভাবে মেনে নিতে পারেননি আর্জেন্টাইন কোচের বক্তব্য। অবস্থা বেগতিক দেখে বাউসা অবশ্য আগেভাগেই নিজের কথার পেছনে যুক্তি উপস্থাপন করেছিলেন। এবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ক্ষমাই চেয়ে নিয়েছে বার্সেলোনার কাছে।
অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লিগ ম্যাচে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠে বাইরে চলে গেছেন মেসি। সামনেই লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচ আর্জেন্টিনার, সেখানে মেসিকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। বাউসার রেগে যাওয়ার কারণটাও সে জন্যই। যদিও তার বক্তব্য মোটেও ভালোভাবে নেয়নি বার্সেলোনা। ‘বিতর্কিত’ পরিস্থিতি সামলাতে এএফএ তাই তাদের কোচের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছে কাতালান ক্লাবটির কাছে। বার্সেলোনার মুখপাত্র হোসেপ ভিভেস জানিয়েছেন সেটাই, ‘লিওনেল মেসির ব্যাপারে আর্জেন্টিনা কোচ যে মন্তব্য করেছিলেন, তার জন্য বার্সেলোনার কাছে ক্ষমা চেয়েছে এএফএ।’ সঙ্গে যোগ করেছেন, ‘তারা জানিয়েছে কোচ বাউসা কোনও রকম বাজে ইঙ্গিত করেননি তার কথার মাধ্যমে।’
এএফএ’র ক্ষমা চাওয়ার আগেই অবশ্য বাউসা স্পষ্ট করেছিলেন তার বক্তব্য। কাতালুনিয়া রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘একটা বিষয় স্পষ্ট করতে চাই-বার্সেলোনার সঙ্গে কোনও রকম লড়াই করতে চাই না আমি। বরং তাদের সঙ্গে এক হয়ে মেসির জন্য যা ভালো হয়, সেটা করতে চাই।’ তার বক্তব্য ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি, ‘যে কথাটা আমি বলেছিলাম, সেটা ঠিকভাবে উপস্থাপন করা হয়নি। আমি বোঝাতে চেয়েছিলাম আমাদের সবাইকে মেসির যত্ন নিতে হবে।’
/কেআর/