জয়ের ধারায় ফিরলো চট্টগ্রাম আবাহনী

Ctg Abahani(Yellow) Vs Soccer Club(Red) 8জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে চট্টগ্রাম আবাহনী। আজ মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় তারা ১-০ গোলে হারিয়েছে সকার ক্লাব ফেনীকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন উইঙ্গার জাহিদ হোসেন।

ম্যাচের ২৩ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনীই! কিন্তু জাহিদের ক্রসে গোলমুখে দাঁড়ানো হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিউক্স পা ছোঁয়াতে না পেরে দলকে গোল বঞ্চিত করেন।

একইভাবে সুযোগ নষ্ট করে ফেনী। ৫০ মিনিটে ফেনী সকারের মিডফিল্ডার শাহরান হাওলাদারের ক্রসে বাজে শট নিয়ে সহজ সুযোগ নষ্ট করেন ফরোয়ার্ড চৌম্রিন রাখাইন। ৬৬ মিনিটে সুযোগ পায় চট্টগ্রাম। সকার রক্ষণের ভুলে বল পান লিওনেল। কিন্তু হাইতিয়ান ফরোয়ার্ডের শট একজন ডিফেন্ডারের পায়ে আঘাত করে চলে আসে জাহিদের কাছে। আর গোলমুখ থেকে বল জালে পাঠাতে ভুল করেননি জাহিদ। শেষ পর্যন্ত  এই গোলটি হয়ে থাকে জয়-পরাজয়ের ব্যবধান।

এই ম্যাচের পর আট খেলায় চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ১৫। বর্তমানে তাদের অবস্থান তৃতীয় স্থানে। ষষ্ঠ স্থানে থাকা সকার ক্লাবের অর্জন নয় পয়েন্ট।

/আরএম/এফআইআর/