পর্তুগালের জার্সিতে ফিরছেন রোনালদো

Portugal-Training-Session-and-Press-Conferenceইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাঁটুতে চোট পেয়ে সেই যে মাঠের বাইরে চলে গেলেন, আর ফেরেননি পর্তুগালের জার্সিতে। চোট কাটিয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে ফিরলেও জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। অতঃপর ফিরছেন তিনি শুক্রবারের ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচ দিয়ে। ইতিমধ্যে পর্তুগালের অনুশীলনে যোগ দিয়েছেন রিয়াল উইঙ্গার।

এই রাউন্ডে দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে ইউরো চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে আন্দোরার বিপক্ষে ম্যাচ শেষের তিন দিন পর মুখোমুখি হবে ফ্যারো আইল্যান্ডের। ওই ম্যাচের জন্য নিজেকে তৈরি করতে পর্তুগিজ সতীর্থদের সঙ্গে মঙ্গলবার কঠোর অনুশীলন করেছেন রোনালদো। ফর্ম ফিরে পাওয়াটাও যে জরুরি তার জন্য। ফ্রান্সের বিপক্ষে্ ইউরো ফাইনালে চোট পাওয়ায় মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাকে অনেক দিন। ১০ সেপ্টেম্বর ওসাসুনার বিপক্ষে গোল নিয়ে ফিরলেও এর পর থেকে ছন্দে নেই ‘সিআরসেভেন’। চ্যাম্পিয়নস লিগে দুইবার লক্ষ্যভেদ করলেও লা লিগায় আর পাননি গোলের দেখা। জাতীয় দল পর্তুগালের জার্সিতে নতুন করে ফেরার মিশনে নিশ্চিতভাবেই চেনা চেহারায় ফিরতে চান তিনবারের ব্যালন ডি’অর জয়ী।

/কেআর/