ম্যারাডোনার কাছে মেসি-রোনালদো সমানে সমান

messi-ronaldo-cropped_17sbciuehat201799l3b1tqxmnঘুরে ফিরে সেই একই প্রশ্ন, কে সেরা মেসি নাকি রোনালদো? ডিয়েগো ম্যারাডোনা অবশ্য সব সময়ই ভোট দিয়েছেন মেসির পক্ষে। স্বদেশি তারকাকে প্রশংসায় ভাসিয়ে রেখেছেন সবাইকে ছাড়িয়ে। দিন কয়েক আগেও মেসি-রোনালদোর তুলনায় দাঁড় করিয়ে দুজনকে ‘আলাদা খেলোয়াড়’ উল্লেখ করলেও এগিয়ে রেখেছিলেন পর্তুগিজ উইঙ্গার থেকে। অথচ স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’য় দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, মেসি-রোনালদো একই পর্যায়ের খেলোয়াড়।

‘এই দুজন অসাধারণ খেলোয়াড়, সবাইকে ছাড়িয়ে। রোনালদোর চেয়ে মেসি ভালো নয়, বরং তারা পুরোপুরি বিপরীত ধাচের খেলোয়াড়।’-ম্যারাডোনা বলেছেন মার্কাকে। একটা জায়গায় অবশ্য এগিয়ে আছেন রোনালদো। জাতীয় দল পর্তুগালের জার্সিতে তিনি শিরোপা জিতলেও মেসির কিছুই জেতা হয়নি আর্জেন্টিনার হয়ে। ম্যারাডোনা অবশ্য মেসির শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বকাপ জেতার কোনও দরকার দেখছেন না, ‘বিষয়টা আমার খুব বিরক্ত লাগে। কিংবদন্তি হতে গেলে মেসির বিশ্বকাপ জেতার দরকার নেই। এই জায়গার জন্য যথেষ্ট কিছু করেছে ও।’

মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইতিমধ্যে নিজের নামটা জড়িয়ে দিয়েছেন নেইমার। আগামীর বিশ্বসেরা খেলোয়াড় তার মধ্যে দেখেন ম্যারাডোনাও। এমনকি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের খেলাও ভীষণ পছন্দ আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’-এর। বার্সেলোনা তারকার প্রশংসা ঝড়ল তার মুখে, ‘ওর খেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে। ছেলেটাকে আপনি ২০০বার লাথি দিয়ে ফেলে দিলেও উঠে দাঁড়াবে এবং আবার ছুটবে বলের পেছনে।’

/কেআর/