চলতি চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত হারেনি অ্যাতলেতিকো। ঘরের মাঠে আন্তোয়ান গ্রিয়েজমানের জোড়া লক্ষ্যভেদে রোস্তভকে হারিয়ে পেয়েছে তারা টানা চতুর্থ জয়। যদিও ভাগ্যের জোরেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেয়েছে মাদ্রিদের ক্লাবটি। ২৮ মিনিটে ফরাসি ফরোয়ার্ডের লক্ষ্যভেদে অ্যাতলেতিকো এগিয়ে গেলেও মিনিট দুয়েক পরই রোস্তভকে সমতায় ফেরান সারদার আজমোন। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের আর কেউই গোল করতে না পারলে ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই ত্রাণকর্তা হয়ে আবার দাঁড়িয়ে যান গ্রিয়েজমান। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে দুর্দান্ত গোল করে আনন্দে ভাসান ঘরের মাঠের সমর্থকদের।
বায়ার্ন মিউনিখকেও ঘাম ঝরাতে হয়েছে জয় পেতে। পিএসভির বিপক্ষে তো পিছিয়েই পড়েছিল তারা ১৪ মিনিটে সান্তিয়াগো আরিয়াসের লক্ষ্যভেদে। ৩৪ মিনিটে বায়ার্ন সমতায় ফেরে রবার্ত লেভানদোস্কির পেনাল্টি গোলে। পোলিশ এই স্ট্রাইকারের ৭৪ মিনিটের গোলেই নেদারল্যান্ডস থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরেছে জার্মান চ্যাম্পিয়নরা।
বুলগেরিয়ার সোফিয়ার ম্যাচটি ছিল পাগলাটে। ১৫ মিনিটেই যে দুই গোলে পিছিয়ে পড়েছিল আর্সেনাল! ১২ মিনিটে জোনাথান কাফুর লক্ষ্যভেদের মিনিট দুয়েক পর ক্লাউদিউ কেসেরু জাল খুঁজে পেলে ২-০তে এগিয়ে যায় স্বাগতিক লুডোগোরেটস। যদিও ২০ মিনিটে গ্র্যান্ট শাকার গোলে খেলায় ফেরার ইঙ্গিত দেয় আর্সেনাল। বিরতিতে যাওয়ার আগেই ইংলিশ ক্লাবটি সমতায় ফেরে ৪২ মিনিটে অলিভিয়ের জিরদ জাল খুঁজে পেলে। এর পর ৮৮ মিনিটে মেসুত ওয়েজিলের লক্ষ্যভেদে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
নাটকের কমতি ছিল না বাসেল-পিএসজি ম্যাচেও। ৪৩ মিনিটে ব্লাইস মাতুউদির লক্ষ্যভেদে সফরকারী পিএসজি এগিয়ে গেলেও ৭৬ মিনিটে বাসেল সমতায় ফেরে লুকা জুফির গোলে। কিন্তু শেষ বাঁশি বাজার আগে থোমাস মিউনিয়ার জাল খুঁজে পেলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা।
/কেআর/