‘আবাহনীর লড়াইয়ে’ জিতলো ঢাকা

Lee Tuckদুই ফরোয়ার্ড নাইজেরিয়ান সানডে চিজোবা ও ইংলিশ লি টাক জুটির গড়া তিন মিনিটের এক ঝড়ে ঢাকা আবাহনী উড়িয়ে দিল চট্টগ্রাম আবাহনীকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই গুরুত্বপূর্ণ খেলায় ঢাকা আবাহনী জিতেছে ২-১ গোলে।

এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছায় ঢাকা আবাহনী। ১২ খেলায় তাদের পয়েন্ট ২৬,  দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম আবাহনী, সমান সংখ্যক খেলায় তাদের পয়েন্ট ২৩।

ম্যাচের যা কিছু, সবই ঘটেছে দ্বিতীয়ার্ধে। চট্টগ্রাম আবাহনীর পেনাল্টি মিস, তিন মিনিটে আবাহনীর দুই গোল, খেলা শেষের ছয় মিনিট আগে ঢাকার ডিফেন্ডার মামুন মিয়া ও চট্টগ্রামের ফরোয়ার্ড মো: বিপ্লবের একসঙ্গে লাল কার্ড দেখা, সবই হয় শেষ ৪৫ মিনিটে।  তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে ঢাকা আবাহনী।

প্রথমার্ধ ছিল নিষ্প্রাণ। কোনও দলই বাড়তি কোনও ঝুঁকি না নিয়ে খেলার কৌশল অবলম্বন করায় সৃষ্টি হয়নি নিশ্চিত গোলের সুযোগ। তবে দ্বিতীয়ার্ধে উল্টে যায় ম্যাচের চিত্র। এর মাঝে প্রথম গোলের কাছাকাছি আসে চট্টগ্রাম আবাহনী। ৫৫ মিনিটে চট্টগ্রাম আবাহনীর জাহিদ হোসেন জোরালো শট নিয়েছিলেন বক্সের ওপর থেকে, ঢাকা আবাহনী গোলরক্ষক শাকিল বল পাঞ্চ করেন।বল ক্লিয়ার করতে গিয়ে হাতে লাগান ডিফেন্ডার সামাদ ইউসুফ, পেনাল্টি পায় চট্টগ্রাম। কিন্তু হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিউক্স বল মারেন সাইড পোস্টে। 

৬৭ মিনিটে ম্যাচের গোলখরা ভাঙেন ঢাকা আবহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা। ডান প্রান্তের পতাকা থেকে কর্নার করেছিলেন ইংলিশ ফরোয়ার্ড লি টাক। গোলমুখে জটলার মাঝে কোনাকুনি এক নিচু হেডে তিনি বল পঠিয়ে দেন চট্টগ্রাম আবাহনীর জালে।

এর দুই মিনিট পর আবাহনীকে দ্বিতীয় গোল উপহার দেন  লি টাক নিজেই। বক্সের সামান্য বাইরে থেকে লি টাককে কোনাকুনি থ্রু পাস দিয়েছিলেন সানডে চিজোবা। গতিতে নিজ মার্কারকে টপকে আগুয়ান গোলরক্ষক রানাকে পরাস্ত করেন আলতো চিপ শটে।  

৮৭ মিনিটে ব্যবধান কমায় চট্টগ্রাম আবাহনী। মিডফিল্ডার ইমন বাবু বক্সের ডান প্রান্তে ফাউল করেন চট্টগ্রাম আবাহনীর হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিউক্সকে। পেনাল্টি শট নিতে এবার এগিয়ে আসেন জাহিদ হোসেন। ঠান্ডা মাথায় তিনি উল্টো দিকে ডাইভ দেয়ান গোলরক্ষক শাকিলকে। 

শেষ কয়েক মিনিটে প্রচন্ড চাপ সৃষ্টি করেও গোল পায়নি চট্টগ্রাম আবাহনী, তাই তারা নেয় দ্বিতীয় পরাজয়ের স্বাদ।

/আরএম/কেআর/