বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক ও প্রীতি ম্যাচ মিলে মেসির গোল সংখ্যা এখন ৫০০। সেভিয়া ম্যাচ খেলতে নামার আগে মাইলফলক থেকে পিছিয়ে ছিলেন এক গোলে, সেটা পূরণ করেন অসাধারণ এক গোল করে। নেইমারের পাস ধরে বক্সের সামান্য বাইরে থেকে মাপা শটে লক্ষ্যভেদ করে কাতালানদের সমতায় ফেরানোর সঙ্গে বার্সেলোনা ক্যারিয়ারের ৫০০তম গোল পূরণ করেন মেসি। ৫৯২ ম্যাচ থেকে গোলের এই মাইলফলক ছোঁয়া মেসির প্রতিযোগিতমূলক ম্যাচের গোল সংখ্যা ৪৬৯।
নতুন কীর্তিতে মেসি বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাউলিনো আলকান্তানারা চেয়ে এগিয়ে গেছেন ১০৫ গোলে। আলকান্তানারা ১৯১২ ও ১৯২৭ সালের মাঝে দুই মেয়াদে খেলেছেন কাতালান ক্লাবটির হয়ে।
৫০০ গোলের মাইলফলক ছোঁয়া মেসিকে অভিনন্দন জানিয়েছেন ক্লাব সতীর্থ লুই সুয়ারেস। টুইটারে উরুগুইয়ান স্ট্রাইকার লিখেছেন, ‘দুর্দান্ত জয় এবং অসাধারণ প্রচেষ্টা। অভিনন্দন আমার বন্ধুকে (মেসি) বার্সেলোনার হয়ে ৫০০ গোল করার জন্য। তুমিই সেরা।’
বার্সেলোনার মূল দলের জার্সিতে মেসি প্রথমবার জাল খুঁজে পেয়েছিলেন ২০০৫ সালে আলবাসেতের বিপক্ষে। ১৭ বছর বয়সে প্রথমবার লক্ষ্যভেদ করা সেই মানুষটি গোলের পর গোল করে নিজেকে নিয়ে যাচ্ছেন ধরা-ছোঁয়ার বাইরে। বিবিসি
/কেআর/