মেসির হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা

মেসিসেভিয়াকে পেলেই যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেন লিওনেল মেসি। দুর্দান্ত পারফরম্যান্সে একাই শেষ করে দেন দলটিকে। লা লিগার গত ম্যাচেও যেমন তার অসাধারণ পারফরম্যান্সে আরও একটি হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সেভিয়াকে। ২-১ গোলে জেতার পথে নিজে একবার লক্ষ্যভেদ করার পাশাপাশি অন্যটি করিয়েছেন লুই সুয়ারেসকে দিয়ে। এমন আলোকিত পারফরম্যান্সের পরও ম্যাচ শেষে হতাশ হয়েছেন মেসি ‘অন্যায়ভাবে’ হলুদ কার্ড দেখার কারণে। যে কার্ডের বিরুদ্ধে এখন লা লিগার ডিসিপ্লিনারি কমিটির কাছে আপিল করবে বার্সেলোনা।

বার্সেলোনার একটি আক্রমণে নেতৃত্ব দিচ্ছিলেন মেসি। আর্জেন্টাইন খুদে জাদুকরকে আটকাতে সর্বোচ্চ চেষ্টা করছিলেন সেভিয়ার এক খেলোয়াড়। বল নিয়ে বেরিয়ে গেলেও বুট খুলে যায় মেসির। রেফারি বাজান ফাউলের বাঁশি। মাঠে বসে থাকা বার্সেলোনা ফরোয়ার্ড বুট পড়তে একটু বেশিই সময় নিয়ে ফেলেন, রেফারির যেটা পছন্দ হয়নি মোটেও। সময় নষ্ট করার কারণে মেসিকে দেখান হলুদ কার্ড। মাঠেই এ নিয়ে রেফারির সঙ্গে বেশ খানিকক্ষণ কথা কাটাকাটি করেন মেসি। এমনকি ক্ষুব্ধতাও প্রকাশ করতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে। বার্সেলোনার কাছেও কার্ডটি যুক্তিপূর্ণ মনে হয়নি, তাই হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে কাতালান ক্লাবটি।

মেসি নিষেধাজ্ঞার মুখে না পড়লেও পড়েছেন সুয়ারেস। সেভিয়ার ম্যাচে কার্ড দেখায় মালাগার বিপক্ষে সামনের লা লিগা ম্যাচ খেলতে পারবেন না উরুগুইয়ান স্ট্রাইকার। মার্কা

/কেআর/