চার ম্যাচে তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দুইয়ে উঠে এসেছে পর্তুগাল। সুইজারল্যান্ড সব ম্যাচ জিতে ইউরোপ চ্যাম্পিয়নদের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে। ফারো আইল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে সুইসরা।
রবিবার অন্য ম্যাচগুলোর চেয়ে পর্তুগাল ও লাটভিয়ার ম্যাচটি বেশি নজরে ছিল, রোনালদো কী করেন সবাই তার অপেক্ষায় ছিলেন। ভক্ত-সমর্থকদের একটুও হতাশ করেননি ‘সিআরসেভেন’। ম্যাচের বয়স আধা ঘণ্টা না হতেই তার পা থেকে গোল এসেছে। লাটভিয়ার জিন্টস ফ্রেইম্যানিস ডি-বক্সে ফাউল করেন ন্যানিকে, ২৮ মিনিটের পেনাল্টি থেকে গোলমুখ খোলেন রিয়াল মাদ্রিদের তারকা। রোনালদো পর্তুগালের ব্যবধান দ্বিগুণ করতে পারতেন এক ঘণ্টা আগেই, কিন্তু তাকে আক্ষেপে পুড়িয়ে দ্বিতীয় পেনাল্টি শটটি পোস্টে লাগে। ইউরোপ চ্যাম্পিয়নদের আফসোস আরও বেড়ে যায় ৬৭ মিনিটে; আর্তার্স জুজনিস গোল করে সফরকারীদের সমতায় ফেরান। কিন্তু লাটভিয়ার এ আনন্দ ছিল ক্ষণস্থায়ী, মাত্র দুই মিনিট পর উইলিয়াম কারভালহো পর্তুগিজদের ২-১ এ এগিয়ে দেন। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে চমৎকার এক ভলিতে দ্বিতীয়বার জাল খুঁজে পান রোনালদো। শেষদিকে দুইবার সুযোগ পেয়েও হ্যাটট্রিক করতে পারেননি তিনি। তবে পর্তুগাল ঠিকই চতুর্থ গোল আদায় করে নেয় যোগ করা সময়ে, রাফায়েল গুয়েরেইরোর ক্রস থেকে গোল করেন ব্রুনো আলভেস।
গ্রুপের অন্য ম্যাচে অ্যান্ডোরাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে হাঙ্গেরি। ৭ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে তিনে।
‘এইচ’ গ্রুপে শতভাগ সাফল্য ধরে রেখেছে বেলজিয়াম। চার ম্যাচ শেষেও রক্ষণ ও আক্রমণভাগে দুর্দান্ত নৈপুণ্যের পরিচয় দিয়েছে তারা। এস্তোনিয়াকে ৮-১ গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়ানরা। বাছাইপর্বে রবিবারই প্রথম গোল খায় তারা, কিন্তু সেটা আড়ালে পড়ে যায় তাদের অসাধারণ আগ্রাসী ফুটবলের কাছে। দ্রিয়েস মের্টেন্স এইদিন হ্যাটট্রিকের মর্যাদা পেতে পারতেন- কিন্তু ফিফা তার দ্বিতীয় গোলকে আত্মঘাতী হিসেবে রেকর্ড করেছে। এছাড়া রোমেলু লুকাকু করেন জোড়া গোল। তাদের সঙ্গে থমাস মিউনিয়ার, ইডেন হ্যাজার্ড ও ইয়ানিক কারাসকো গোলদাতার খাতায় নাম লিখেন।
প্রথম তিন ম্যাচ জেতা গ্রিস শেষ মুহূর্তে হার এড়াতে পেরেছে। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে যোগ করা সময়ের গোলে ১-১ এ ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। দুই দলই শেষদিকে ১০ জন নিয়ে খেলেছে। এই ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে বেলজিয়ামের পরে থাকতে হলো গ্রিকদের। গ্রুপের অন্য ম্যাচে সাইপ্রাস ৩-১ গোলে জিব্রাল্টারকে হারিয়ে প্রথম তিন পয়েন্ট অর্জন করেছে।
ফ্রান্সের কাছে গত ম্যাচে হারের শোক ভালোভাবে কাটিয়ে উঠেছে নেদারল্যান্ডস। মেম্ফিস ডিপেইর জোড়া গোলে ৩-১ ব্যবধানে লুক্সেমবার্গকে হারিয়েছে ডাচরা। শুরুটা করেন আরিয়েন রবেন, ৩৬ মিনিটে গোলমুখ খোলেন বায়ার্ন মিউনিখের তারকা। বাছাইপর্বে এটি ডাচদের দ্বিতীয় জয়, সমান ৭ পয়েন্ট পেয়েও সুইডেনকে টপকে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠেছে তারা। তিন পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে ফ্রান্স। গ্রুপের আরেক ম্যাচে বুলগেরিয়া ১-০ গোলে বেলারুশকে হারিয়ে চার নম্বরে জায়গা করে নিয়েছে।
/এফএইচএম/