মুলার-কিনের পাশে রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদোপর্তুগালের সর্বশেষ তিন ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো করলেন ৭ গোল। লাটভিয়ার বিপক্ষে রবিবারের ম্যাচে দুই গোল করে নিজেকে নিলেন ফুটবল গ্রেটদের পাশে। ৬৮টি আন্তর্জাতিক গোল করে ৩১ বছর বয়সী উইঙ্গার ছুঁলেন জার্ড মুলার ও রবি কিনকে। আন্তর্জাতিক ফুটবলে ইউরোপের শীর্ষ গোলদাতাদের কাতারে রোনালদো এখন চতুর্থ স্থানে, যেখানে আছেন জার্মানির গ্রেট মুলার ও গত আগস্টে অবসর নেওয়া আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের কিন।

অবশ্য আন্তর্জাতিক ফুটবলে বর্তমান খেলোয়াড়দের মধ্যে শীর্ষ গোলদাতার তালিকায় সবার ওপরে রিয়াল মাদ্রিদের তারকা, যেখানে তার কাছাকাছি কেউ নেই। ১২ গোলে পিছিয়ে তার পরে লিওনেল মেসি (৫৬)। আর ইউরোপীয় ফুটবল ইতিহাসে রোনালদোর চেয়ে বেশি গোল করেছেন কেবল হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস (৮৪) ও সান্দোর কোকসিস (৭৫) এবং জার্মানির মিরোস্লাভ ক্লোসা (৭১)।

তবে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হতে হলে আরও পথ পাড়ি দিতে হবে পর্তুগিজ তারকাকে। এই কীর্তি এখনও ইরানের গ্রেট আলি দায়েইর দখলে, যিনি ১৩ বছরের ক্যারিয়ারে ১৪৯ ম্যাচ খেলে করেছেন ১০৯ গোল।

/এফএইচএম/