এবার আর্জেন্টিনার কলম্বিয়া পরীক্ষা

এবার আর্জেন্টিনার কলম্বিয়া পরীক্ষালিওনেল মেসি নেই : আর্জেন্টিনা হারের হতাশা নিয়ে ছাড়ছে মাঠ।  লিওনেল মেসি আছেন : আরও বড় লজ্জা নিয়ে মাঠ ছাড়ছে আর্জেন্টিনা! দলের সেরা অস্ত্রকে ছাড়া কিংবা নিয়েও লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ভাগ্য বদলাচ্ছে না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।  আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫-৩০ মিনিটে ভাগ্য বদলের লক্ষ্যে ঘরের মাঠে নামবে তারা কলম্বিয়ার বিপক্ষে।  ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি ইএসপিএন চ্যানেলে।

ভাগ্য বদলানোটা ভীষণ দরকার আলবিসিলেস্তেদের।  তা না হলে রাশিয়া বিশ্বকাপে খেলার পথটা কঠিন হয়ে যাবে যে আরও।  এখনই অবস্থা সুবিধার নয়, ১১ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে।  সরাসরি খেলা চার দলের মধ্যে তো নেই-ই, এমনকি পঞ্চম হয়ে যে প্লে অফ খেলবে, সেই জায়গাতেও নেই আলবিসেলেস্তেরা।  আগের ম্যাচে ব্রাজিলের মাঠ থেকে ৩-০ গোলে হেরে আত্মবিশ্বাসটাও তাদের ঠেকেছে তলানিতে গিয়ে।  বুধবার ভোরের ম্যাচে তাই একসঙ্গে দুটো পথ পাড়ি দিতে হবে।  এক-কলম্বিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলে উন্নতি, দুই-হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধার।

এ জন্য মেসির স্বরূপে ফেরাটা সবচেয়ে জরুরি।  ব্রাজিল ম্যাচে কিছুই করতে পারেননি বার্সেলোনা ফরোয়ার্ড।  তিতের ছকে একরকম ‘বোতলবন্দি’ ছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।  দলকে পথে ফেরাতে কলম্বিয়ার ম্যাচেও তার দিকে তাকিয়ে গোটা আর্জেন্টিনা।  আক্রমণভাগে তার সঙ্গী বদল হতে পারে স্যান হুয়ানের ম্যাচে।  চোটের কারণে গনসালো হিগুয়েইন অনিশ্চিত, তাই সের্হিয়ো আগুয়েরোকে দেখা যেতে পারে শুরু থেকে।  এভার বানেগার খেলাও অনিশ্চিত চোটের কারণে।

ম্যাচটা ঘরের মাঠ বলে সুবিধাজনক জায়গায় থাকার কথা আর্জেন্টিনার।  যদিও দুঃসময় কাটানো মেসিদের ঘর কিংবা অ্যাওয়ে, কোথাও স্বস্তি নেই।  প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ ঘরের মাঠেও যে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাদের।  অবশ্য অতীত নিয়ে পড়ে থাকার সময় নেই আর্জেন্টিনার।  স্যান হুয়ানে জয় ছাড়া কিছু ভাবছে না তারা।  কোচ এদগার্দো বাউসা আগেই জানিয়ে রেখেছেন জেতার জন্য সব ধরণের ‘ঝুঁকি’ নেবে তার দল।

কলম্বিয়া কি আর ছেড়ে কথা বলতে তাদের।  ঘরের মাঠে আগের ম্যাচে চিলির সঙ্গে তার করেছিল গোল শূন্য ড্র।  যদিও ভাগ্য সহায় না হওয়ায় জয়টা পায়নি তারা।  আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তাই আত্মবিশ্বাসী হোসে পেকারমানের শিষ্যরা।  ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা কলম্বিয়া হেরে গেলেই আবার ছিটকে যেতে পারে সেরা পাঁচের বাইরে।  তাই জয় ছাড়া তারাও ভাবছে না কিছু।  অবশ্য প্রতিপক্ষের মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে পারাটাও কম অর্জন হবে না তাদের জন্য।

মুখোমুখি লড়াইয়ে হিসাবে আর্জেন্টিনার ধারে কাছেও নেই কলম্বিয়া।  মুখোমুখি হওয়া ৩৭ ম্যাচে আর্জেন্টিনার জয় ২৩টিতে, বিপরীতে কলম্বিয়া জিতেছে মোটে ৮ ম্যাচ, বাকি ৬ ম্যাচ হয়েছে ড্র।  ২০০৯ সাল থেকে একবারও আর্জেন্টিনাকে হারাতে পারেনি কলম্বিয়া।  সবশেষ দুই ম্যাচে হেরেছে তারা, যার মধ্যে গত বছরের নভেম্বরে মুখোমুখি হওয়া ম্যাচটি আর্জেন্টিনা জিতেছিল ১-০ গোলে।

বারানকুইয়ার বিশ্বকাপ বাছাইয়েরে সেই ম্যাচটারই পুনরাবৃত্তি চাইবে আর্জেন্টিনা স্যান হুয়ানের ম্যাচে।  এপি

বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি ইএসপিএন চ্যানেলে।

 /কেআর/