টানা ১০ বার সুইডেনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ইব্রাহিমোভিচজাতীয় দল থেকে গত ইউরোর পর অবসর নিলেও এবার ইংল্যান্ড জয় করতে ম্যানচেস্টার ইউনাইটেডে পা রেখেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ইতালি, স্পেন ও ফ্রান্সের শীর্ষ ঘরোয়া লিগগুলো জিতে ব্রিটিশদের মাটিতেও সফলতার স্বাক্ষর রাখছেন তিনি। বয়স ৩০ পেরিয়ে গেলেও তারুণ্যের শক্তি এতটুকু কমেনি। ইউনাইটেডের হয়ে ১১ প্রিমিয়ার লিগ ম্যাচে ৬ গোল করে তার সামর্থে্যর প্রমাণ দিয়েছেন। আরেকটি বিষয় অবাক হওয়ার মতো, দেশের ফুটবলকে বিদায় জানালেও টানা দশবার বর্ষসেরা (এনিয়ে ১১ বার) সুইডিশ ফুটবলার নির্বাচিত হলেন মঙ্গলবার। এমন অর্জনে তাকে প্রশংসায় ভাসালেন পিএসজির সাবেক সতীর্থ ডেভিড বেকহাম। ইব্রার বয়স ৩৫ হলেও তাকে এখনও অন্যতম সেরা বললেন সাবেক ইংলিশ অধিনায়ক।
এক সাক্ষাতকারে ইব্রাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও এলএ গ্যালাক্সির সাবেক ফরোয়ার্ড, ‘তার শারীরিক গড়ন এবং ফুটবলের প্রতি তার ভালোবাসা ও আবেগ এখনও বদলায়নি। ফুটবলের সর্বকালের সেরাদের মধ্যে সে এখনও অন্যতম। আমি আরেকটি কারণে খুশি যে সে আমার দল ম্যানইউতে এখন খেলছে।’ পিএসজিতে ইব্রার সঙ্গে অতীত অভিজ্ঞতা থেকে বেকহাম বুঝেছেন জয়ের জন্য কতটা মরিয়া হয়ে থাকতেন সুইডিশ স্ট্রাইকার, ‘যদি সে না জিতত তাহলে খুব কষ্ট পেত, রেগে যেত। আমার কাছে সে একজন বিজয়ী।’
/এফএইচএম/