ঘরে ফিরছেন রোনালদো!

ronaldoপেশাদারী ফুটবলের শুরুটা ক্রিস্তিয়ানো রোনালদোর এখান থেকেই। যে দলের জার্সি গায়ে খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। এর পরই তার ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানো এবং খ্যাতির সর্বোচ্চ শিখরে জায়গা করে নেওয়া। ফুটবলের আঁতুরঘর সেই স্পোর্তিং লিসবনে ফিরছেন আজ (মঙ্গলবার দিবাগত রাত) রোনালদো। বন্ধু হয়ে নয়, ফিরছেন তিনি ‘শত্রু’ হয়ে। তার দল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে যে পর্তুগিজ ক্লাবটি।

স্পোতিংয়ের এই মাঠের আলো-বাতাসে বেড়ে উঠেছেন আজকের রোনালদো। ১৯৯৭ সালে পর্তুগিজ ক্লাবটির একাডেমিতে যোগ দিয়েছিলেন রিয়াল উইঙ্গার। সেখান থেকে ২০০২ সালে যুব দলে সুযোগ হওয়ার পরই জায়গা করে নেন মূল দলে। স্পোর্তিয়ের জার্সি গায়ে খেলেছেন অবশ্য মোটে এক বছর। এর পর তো ২০০৩ সালে ফার্গুসন তাকে নিয়েই যান ম্যানইউয়ে। ওল্ড ট্র্যাফোর্ডের পর সান্তিয়াগো বার্নাব্যু-সাফল্যের ভেলায় শুধু ভেসে চলা রোনালদোর। এর পরও তিনি ভুলতে পারেননি শৈশবের ক্লাবটিকে। আর সে কারণেই বার্নাব্যুতে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেও উদযাপন করেননি ‘সিআরসেভেন’।

মাদ্রিদ ডার্বিতে হ্যাটট্রিক পূরণ করা রোনালদোকে হাতছানি দিচ্ছে আরেকটি মাইলফলক। স্পোর্তিংয়ের বিপক্ষে দুইবার লক্ষ্যভেদ করতে পারলে প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি পূরণ করবেন পর্তুগিজ অধিনায়ক। ৯৮ গোল নিয়ে সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামতে যাওয়া রোনালদোর চ্যাম্পিয়নস লিগ গোল সংখ্যা ৯৫। সঙ্গে রয়েছে ম্যানইউয়ের জার্সি গায়ে চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্বের একটি গোল। আর বাকি দুটো গোল এসেছে তার উয়েফা সুপার কাপের ম্যাচ থেকে। বিবিসি

/কেআর/