মেসি আর্জেন্টিনায় অসুখী!

lionelmessi-croppedআচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। চিলির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে হারের পর জানিয়ে দেন, জাতীয় দল আর্জেন্টিনার হয়ে খেলবেন না আর। পরে ফিরে এসেছেন তিনি। যদিও তার হঠাৎ অবসরের ঘোষণার কারণ হিসেবে বিশ্ব মিডিয়ার খবর ছিল, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে ঝামেলা। লাতিন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক চেজার লুই মেনত্তির কথাতেও সেই সুর। তার মতে, বার্সেলোনায় মেসি সুখে থাকলেও আর্জেন্টিনায় অসুখী।

‘বার্সেলোনার মেসিকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যায় না’-এই অপবাদটা মেসির গায়ে সেঁটে ছিল অনেক দিন। বিশ্বকাপ ও টানা দুটো কোপা আমেরিকা হারলেও আর্জেন্টাইন ফুটবল ভক্তটা এখন খুব করে বুঝে গেছেন মেসির গুরুত্ব। বিশেষকরে কোপা ব্যর্থতার পর মেসির অবসরে টনক নড়েছে আর্জেন্টাইনদের। যদিও এএফএ’র কোনও বদল হয়তো হয়নি। দিন কয়েক আগেই তো শোনা গিয়েছিল, মেসি নিজের পকেট থেকে পরিশোধ করেছেন ফেডারেশনের নিরাপত্তা কর্মীদের ছয় মাসের বেতন। এই যখন অবস্থা, তখন জাতীয় দলে বার্সেলোনা ফরোয়ার্ড সুখে থাকেন কী করে! মেনত্তিও স্পষ্ট বলে দিলেন, ‘বার্সেলোনায় মেসি সুখী। তবে খুব ভালোভাবেই বোঝা যায় এখানকার (আর্জেন্টিনা) কোনও কিছুতেই সে ভালো নেই। আমরা ওকে সুখে রাখতে পারছি না, কারণ এখানকার পরিবেশ ভালো নয়। দল ভালোমত পারফরম করতে পারে না।’

চোটে পড়ায় মেসি খেলতে পারেননি বাছাই পর্বে যে কয়টি ম্যাচ, আর্জেন্টিনা তার সবগুলোতে হেরেছে। আর সবার মতো তাই মেসির গুরুত্বটা খুব ভালো করেই অনুভব করেন মেনত্তি, ‘মেসিকে ছাড়া আমরা বিশ্বকাপের প্রথম রাউন্ডের গণ্ডিও পেরোতে পারব না। যখন আর্জেন্টিনার সব কিছু এলোমেলো হয়ে যায়, তখনই মেসি সব ঠিক করে দেয়।’ সঙ্গে যোগ করলেন, ‘যদিও ও সুখী নয়, কারণ পরিবেশ ওকে ভালো থাকতে দেয় না।’ ইএসপিএন এফসি

/কেআর/