স্পোর্তিংয়ের বিপক্ষে প্রথমার্ধে ডিফেন্ডার সেবাস্তিয়ান কোটসের চ্যালেঞ্জে ডানপায়ের গোড়ালিতে আঘাত পান বেল। লম্বা সময়ের চিকিৎসা শেষে আবার মাঠে নামলেও বেশিক্ষণ থাকতে পারেননি। মারকো আসেনসিওর বদলি হয়ে মাঠ ছাড়েন ওয়েলস তারকা। শুরুতে কোচ জিনেদিন জিদান চোটের অবস্থা নিয়ে মুখ খোলেননি। তবে বুধবার বিকেলে রিয়াল তাদের ওয়েবসাইটে নিশ্চিত করে গুরুতর চোট লেগেছে বেলের। অবশ্য কতদিন মাঠের বাইরে থাকতে হবে বিস্তারিত জানায়নি তারা।
এএস’র রিপোর্ট অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর বার্সেলোনার মাঠে রিয়ালের হয়ে খেলতে পারবেন না বেল। এমনকি চারদিন পর চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও অনিশ্চিত তিনি। আর ডিসেম্বরের শেষদিকে ক্লাব বিশ্বকাপেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে।
তবে রিয়ালের জন্য একটা ইতিবাচক খবর আছে। বুধবার অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার কাসেমিরো। আগামী শনিবার স্পোর্তিং গিহনের বিপক্ষে ঘরের মাঠে তাকে দেখা যেতে পারে।
/এফএইচএম/