তর্ক চলতেই থাকবে, এটা আসলে শেষ হওয়ার নয়। খেলোয়াড়ি জীবন পার করার পরও ফুটবল বিশ্বের অলিগলিতে ঘুরপাক খাবে প্রশ্নটি-কে সেরা লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো? অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ, সময়ের পালা বদলে ব্যক্তিগত দ্বৈরথ নিয়ে যেভাবেই তর্ক-বিতর্কটা চলুক না কেন, এই মুহূর্তে কিন্তু মেসি-রোনালদো একটা জায়গায় সমানে সমান। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত লা লিগায় মেসি-রোনালদো দুজনেরই গোল সংখ্যা যে ২৭০!
ফুটবল গোলের খেলা, আর মেসি-রোনালদোর পার্থক্যটাও বেশি করা হয় এই গোল দিয়ে। তাই মেসি ভক্তরা যতই রোনালদোকে নিচে নামানোর চেষ্টা করুন না কেন, কিংবা রোনালদো ভক্তটা যতই মেসিকে পেছনে রাখার চেষ্টা করুন, ২০০৯ সাল থেকে লা লিগার গোল সংখ্যায় কাউকে পিছিয়ে রাখার সুযোগ নেই। মেসি আগে থেকেই ছিলেন স্প্যানিশ লিগে, বার্সেলোনার যুব দল পেরিয়ে ২০০৪ সালে অভিষেক হয় মূল দলে। তখন থেকে তিনি নিয়মিত মুখ লা লিগায়। রোনালদো অবশ্য এসেছেন আরও অনেক পরে, ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে। দুজনের গোলের হিসাবটাও তাই তখন থেকেই।
যে হিসাবে দেখা যাচ্ছে ২০০৯-১০ মৌসুম থেকে সময়ের দুই সেরা খেলোয়াড় লা লিগায় গোল করেছেন ২৭০টি। ম্যাচের হিসাবে অবশ্য এগিয়ে রোনালদো। ২৭০ গোল করতে পর্তুগিজ যুবরাজের যেখানে লেগেছে ২৪৭ ম্যাচ, সেখানে মেসি খেলেছেন ২৫২ ম্যাচ। ম্যাচের ব্যবধানটা দুজনের বেশ খানিকটা হলেও মিনিটের ব্যবধান অতটা নয়। এই গোলগুলো করতে রোনালদো খেলেছেন ২১,২০৬ মিনিট, বিপরীতে মেসি খেলেছেন ২১,২১৮ মিনিট। অর্থাৎ সময়ের পার্থক্যটা মাত্র ১২ মিনিটের। পরিসংখ্যান বলছে প্রত্যেক গোল পেতে রোনালদো খেলেছেন ৭৮.৫৪ মিনিট। খুব বেশি পিছিয়ে নেয় মেসি, প্রত্যেক গোলের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ৭৮.৫৯ মিনিট।
ম্যাচ কিংবা সময়ের হিসাবে রোনালদো এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরির প্রসঙ্গে তিনি অনেক পিছিয়ে মেসি থেকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড ২৭০ গোল করার পথে সুযোগ তৈরি করেছেন ৫৪১টি, বিপরীতে রোনালদো করেছেন ৪৪৮বার। সতীর্থদের দিয়ে গোল করানোর ব্যাপারেও এগিয়ে মেসি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ২০০৯ সাল থেকে লা লিগায় সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০৪ গোল, আর রোনালদোর অ্যাসিস্ট ৭৮টি।
এ তো গেল শুধু লা লিগার পরিসংখ্যান। ২০০৯ সাল থেকে সব ধরণের প্রতিযোগিতায় দুজনের পার্থক্য করতে গেলে দেখা যাচ্ছে এই সময়ে প্রতিযোগিতামূলক ম্যাচের ৩৯০ খেলায় মেসি লক্ষ্যভেদ করেছেন ৩৯৬বার। যেখানে রোনালদো ৩৮০বার জাল খুঁজে পেয়েছেন ৩৬৭ ম্যাচে।
এত এত গোলের হিসাবের পর শিরোপা নিয়ে না কথা বললে কী হয়! ২০০৯ সাল থেকে মেসি লা লিগার শিরোপা জিতেছেন পাঁচবার, সঙ্গে রয়েছে তিনটি কোপা দেল রে ও দুটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। আর রোনালদো ওই সময় থেকে একটি লা লিগা, দুটি কোপা দেল রে, দুটি চ্যাম্পিয়নস লিগের সঙ্গে জাতীয় দল পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়শিপ।
আসছে বছরগুলোতে গোলের সঙ্গে প্রাপ্তির খাতায় আরও অনেক কিছু যোগ করবেন মেসি-রোনালদো। হিসাবের খাতাটা তো খোলাই থাকল! মেইল অনলাইন
/কেআর/