এক ম্যাচ হাতে রেখে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ঢাকা আবাহনী। আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় আবাহনী ৪-০ গোলে উত্তর বারিধারাকে হারিয়ে অর্জন করে তাদের পঞ্চম পেশাদারি লিগ শিরোপা।
এ জয়ে আবাহনীর পয়েন্ট দাঁড়ালো ৪৯, দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৪৪। বাকি ম্যাচটিতে জিতলেও তারা ঢাকা আবাহনীকে টপকাতে পারবে না। পেশাদার লিগের নবম আসরের মাঝে এটি ঢাকা আবাহনীর পঞ্চম শিরোপা। ২০১২ সালে তারা জিতেছিল তাদের চতুর্থ শিরোপাটি। চার মৌসুম পর আবার চ্যাম্পিয়ন হলো আকাশি-নীল শিবির।
৫৮ মিনিটে ইমন বাবুর ক্রসে চমৎকার হেডে দ্বিতীয় গোল করেন বদলি ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। ৮৩ মিনিটে জীবনকে বক্সের মধ্যে ফাউল করেন ডিফেন্ডার আরিফুল ইসলাম। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মিডফিল্ডার ইমন বাবু। ৮৬ মিনিটে ওয়ালী ফয়সালের ফ্রি-কিকে ব্যাক হেড করেন ফয়সাল মাহমুদ। সাইড পোস্টে লেগে বল আছড়ে পড়ে জালে। আর কিছুক্ষণ পরেই শিরোপা উদযাপন করা শুরু করে ঢাকা আবাহনী।
/আরএম/এফএইচএম/