শিরোপা জেতা ‘কঠিন’ ম্যানসিটির

Pep-Guardiola‘বক্সিং ডে’ ম্যাচ জিতেছে ম্যানচেস্টার সিটি। হাল সিটিকে ৩-০ গোলে হারিয়ে তুলে নিয়েছে পুরো ৩ পয়েন্ট। তবু শীর্ষে থাকা চেলসির চেয়ে পিছিয়ে আছে ৭ পয়েন্টে। প্রিমিয়ার লিগ মৌসুমের মাঝপথের এই ব্যবধান টপকে যাওয়াটা ‘কঠিন’ মনে হচ্ছে পেপ গার্দিওলার কাছে।

প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানসিটি। হাল সিটির বিপক্ষে জয়ের পরও স্বস্তি নেই কোচ গার্দিওলার মনে। শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান থাকল যে আগেই মতোই ৭ পয়েন্টের। ব্লুরা একই ব্যবধানে বোর্নমাউথকে হারিয়ে পেয়েছে রেকর্ড টানা ১২তম জয়। দুর্দান্ত গতিতে ছোটা এই চেলসিকে থামানো ‘অসম্ভব’ই মনে হচ্ছে গার্দিওলার কাছে। বিশেষকরে ৭ পয়েন্টের ব্যবধান কমানো তার কাছে মনে হচ্ছে ‘কঠিন’, ‘আমরা চেলসির চেয়ে পিছিয়ে আছি ৭ পয়েন্টে, যে কারণে এটা (শিরোপা জেতা) খুব কঠিন।’

কিন্তু কেন? পয়েন্টের ব্যবধান ৭ হলেও মৌসুমের বাকিটা তো এখনও বাকি। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছেন সাবেক বার্সেলোনা কোচ? শিরোপা দৌড় কঠিন মনে হওয়ার কারণটাও ব্যাখ্যা করেছেন গার্দিওলা, ‘এক বছর লিভারপুল শিরোপার অনেক কাছাকাছি চলে গিয়েছিল, আর সেটা হয়েছিল কারণ তারা সপ্তাহে ম্যাচ খেলতো একটা। গত বছর লিস্টারের বেলাতেও ঘটেছিল একই ঘটনা।’ চলতি মৌসুমে চেলসিও শুধু ঘরোয়া লিগ খেললে, সেটা মনে করিয়ে দিয়ে ম্যানসিটি কোচ বললেন, ‘এইবার চেলসি ও লিভারপুলও ঠিক সেই জায়গাতে আছে (সপ্তাহে এক ম্যাচ খেলা)।’

চেলসি ও লিভারপুল-কেউই উঠতে পারেনি ইউরোপিয়ান কোনও প্রতিযোগিতায়। ঘরোয়া লিগ নিয়েই তাই তাদের যত ভাবনা। কিন্তু ম্যানসিটিকে লিগ শিরোপার সঙ্গে ভাবতে হচ্ছে চ্যাম্পিয়নস লিগ নিয়েও। যেখানে শেষ ষোলোতে তাদের লড়াই মোনাকোর বিপক্ষে। বিবিসি

/কেআর/