নতুন বছরে আরও বেশি শিরোপা চান রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদোক্লাব ও দেশের হয়ে ২০১৬ সালটা দারুণ সাফল্যে কেটেছে ক্রিস্তিয়ানো রোনালদোর। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার কাছে এটা ছিল স্বপ্নের বছর। ২০১৭ সালটাও এমন ঝলমলে করতে চান তিনি।

২০১৬ সাল উপভোগ করার পর আগামী ১২ মাসে ‘অনেক শিরোপা’ হাতে নেওয়ার আকাঙ্ক্ষা জানালেন রোনালদো।

ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর পর্তুগালের জার্সিতে ইউরো শিরোপা জেতেন রোনালদো। এরপর থেকে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ যুক্ত করেছেন সংগ্রহশালায়। ব্যক্তিগত অর্জন হিসেবে চতুর্থ ব্যালন ডি’অরে চুমু খেয়েছেন তিনি। এতো সফলতার পরও আকাঙ্ক্ষা কমেনি রোনালদোর।

উন্মুক্ত ট্রেনিং সেশন শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে ৩১ বছর বয়সী বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের হয়ে এটা ছিল স্বপ্নের বছর। ব্যক্তিগত ও দলগতভাবে এটা অবিস্মরণীয় বছর।’ এরপর নতুন বছরের লক্ষ্য জানালেন রোনালদো, ‘আমি খুব খুশি। আশা করি ২০১৭ সালও একইভাবে শেষ হবে, অনেক বেশি শিরোপা ও আনন্দ নিয়ে।’

নতুন বছরে রিয়ালের ম্যাচ ৪ জানুয়ারি। কোপা ডেল রের শেষ ষোলোতে তারা খেলবে সেভিয়ার বিপক্ষে। সূত্র- গোলডটকম

/এফএইচএম/