জয় দিয়ে নতুন বছর শুরু করলো আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। সঙ্গে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানেও উঠে এসেছে আর্সেনাল।
কিছুদিন আগে সান্ডারল্যান্ডের বিপক্ষে স্করপিওন কিক করে স্করপিওন কিং খেতাব পেয়েছিলেন ম্যানইউ তারকা হেনরিখ মেখিতারিয়ান। সেই মেখিতারিয়ানে মুগ্ধ হয়েই আরেকবার স্করপিওন কিক দেখালেন আর্সেনাল তারকা অলিভিয়ে জিরুদ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দর্শনীয় গোলটি করে নতুন করে আলোচনায় তিনি।
বছরর শুরুর ম্যাচটাতে ২-০ গোলে প্যালেসকে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানেও উঠে এসেছে আর্সেনাল।
১৭ মিনিটে দলকে প্রথম গোলের স্বাদ পাইয়ে দেন অলিভিয়ে জিরুদ। সানচেজের ক্রস থেকে স্করপিওন কিক থেকে দর্শনীয় গোলটি করেন ফরাসি এই তারকা। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন অ্যালেক্স লোবি।
মেখিতারিয়ানের গোলটি যে তাকে অনুপ্রাণিত করেছে সেটি আর গোপন করেননি জিরুদ, ‘এটা সত্যি সেরা গোলের একটি। বলতে গেলে ভাগ্যটাও সহায় ছিল হয়তো। আমার মনে হয় মেখিতারিয়ানের ওই গোলটিই আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আর এই পজিশনে এটাই সব থেকে ভালো করে সম্ভব।’
জিরুদের এমন গোলে মুগ্ধ হয়েছেন কোচ ওয়েঙ্গারও। এমন গোল তার কাছ থেকে প্রত্যাশাই করেননি তিনি, ‘অলি সত্যিই দুর্দান্ত একটি গোল করেছে। তবে তার কাছ থেকে আগে এরকম কখনও দেখিনি।’
এ জয়ের মধ্য দিয়ে শীর্ষে থাকা চেলসি থেকে ৯ পয়েন্টের ব্যবধান কমালো গানাররা। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। রেলিগেশন জোনের ওপরে থাকা প্যালেসের সংগ্রহ ১৬ পয়েন্ট।
/এফআইআর/