ভারতকে হারালেই বাংলাদেশের মেয়েদের ইতিহাস

মেয়েদের বাংলাদেশ ফুটবল দলবুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাফের চতুর্থ আসরের শিরোপা লড়াইয়ে নামবে প্রতিবেশী দুই দেশ। 

সাবিনা, কৃষ্ণা, স্বপ্নারা রিকভারি জগিংয়ে ব্যাস্ত। সেমিফাইনালে মালদ্বীপের বিপক্ষে খেলা একাদশের ফুটবলারদের জন্য গতকাল এই জগিংয়ের বাইরে সূচিতে ছিল হালকা বল ওয়ার্ক। একটি প্রতিযোগিতামুলক ম্যাচের পরের দিন ও আগের দিনের মাঝে যা হয় আর কী। এগুলো সবই দৃশ্যমান। কিন্তু বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের ক্ষুরধার মস্তিষ্কের খেলাটা অন্য জায়গায়। অনুশীলন শেষ হওয়ার আগে হোল্ডি মিডফিল্ডার মৌসুমি জাহানকে কাছে ডেকে নিলেন । সঙ্গে ডামি হিসেবে ব্যাবহার করার জন্য আরও এক ফুটবলার।  মাঠে ভারতীয় অধিনায়ক ও গোল মেশিনখ্যাত বালা দেবীকে কীভাবে বোতলবন্দি করে রাখা যায় সেই কৌশলটাই ঘুরিয়ে ফিরিয়ে মৌসুমীকে বারবার দেখালেন ছোটন। মেয়েদের সাফ ফুটবলের ইতিহাসের দাড়প্রান্তে দাড়িয়ে কোনও কিছুরই যেন কমতি রাখছেন না বাংলাদেশ কোচ। আগামীকাল বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে  ভারতকে হারিয়ে ট্রফিটা তুলে ধরতে পারলেই বাংলাদেশের মেয়েদের ফুটবলের ইতিহাস। এ সুযোগ কী আর বলে কয়ে আসবে!

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাফের চতুর্থ আসরের শিরোপা লড়াইয়ে নামবে প্রতিবেশী দুই দেশ। ফাইনালে উঠার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে ৬-০ গোলে জিতেছে বাংলাদেশ। আর ভারতের জয় নেপালের বিপক্ষে ৩-১ গোলে ।

গতকাল অনুশীলনে সাবিনা বাহিনীর শারীরিক ভাষা দেখে একটা বিষয় পরিষ্কার এ বাংলাদেশ মাঠে নামার আগে হারে না। ওয়ার্মআপ থেকে শুরু করে বল ওয়ার্ক সব কিছুতেই যেন পরিপূর্ণ পেশাদারিত্বের ছোঁয়া । মাঠে যার যথার্থ প্রয়োগই বাংলাদেশকে তুলে এনছে প্রথমবারের মত মেয়েদের সাফ ফুটবলের ফাইনালে । আগামীকাল বুধবার ট্রফিটা উঁচিয়ে ধরতে পারবে কী সাবিনারা? ‘মাঠে আমরা আমাদের সর্বচ্চটাই দিতে পারব, এর বেশি তো আর সম্ভব হবে না । ফাইনালে যখন উঠে গেছি , এখন লক্ষ্যই শিরোপা ।’ আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা।

আগের তিন আসরে সাফে দুইবার সর্বোচ্চ সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। আর এবারই প্রথমবারের মতো ফাইনাল । চাপ না নিয়ে কোচ গোলাম রব্বানী ছোটনের কণ্ঠেও আত্মবিশ্বাসের ছাপ, ‘কোনও সন্দেহ নেই ভারত দক্ষিণ এশিয়ার সেরা দল। তবে আমাদের মেয়েরা এখন অনেক ভালো ফুটবল খেলছে। ফাইনালে আমরা ভালো ফুটবল খেলেই জয় ছিনিয়ে নিতে চাই।’

টুর্নামেন্টে তিন ম্যাচে মোট ১২ গোল করেছে বাংলাদেশ। পক্ষান্তরে কোনও গোলই হজম করেনি লাল-সবুজ জার্সিধারীরা। অর্থাৎ পরিসংখ্যানই বলে দিচ্ছে ফরোয়ার্ড লাইনের সঙ্গে রক্ষণভাগও অটুট ।

তবে জেগে উঠা বাংলাদেশের হুংকার ও টুর্নামেন্টের পরিসংখ্যান কোনোটাই আমলে নিচ্ছেন না ভারতীয় কোচ সাজিদ ধর। গ্রুপ পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হলেও ফাইনালের উত্তেজনা যে ভিন্ন রকম সেটা মেনে নিয়েই সোজাসাপ্টা বলে দিলেন  ভারতীয় কোচ , ‘নিঃসন্দেহে  ফাইনালে ফেবারিট ভারত ।’

আজ স্বাগতিকরা জিততে পারলেই টানা চার আসরের চ্যাম্পিয়ন ভারত।

চলমান চতুর্থ সাফের আগে ভারতের বিপক্ষে প্রত্যেকবারই হেরেছিল বাংলাদেশ। এবারই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র এসেছে। যার রেশ এখনও আছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। হারের বুত্ত ভেঙে নারী ফুটবলের ইতিহাসে সিনিয়র পর্যায়ে চলতি সাফেই গ্রুপ পর্বে প্রথমবারের মত ভারতের বিপক্ষে ড্র ।

বাকি থাকল জয় , সেটাও যদি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে থেকে পাওয়া যায় !

/এফএইচএম/