মেসির সঙ্গে তুলনা পছন্দ নয় রোনালদোর

messi-ronaldoব্যক্তিগত লড়াইয়ে ফুটবল বিশ্বে একটা প্রশ্নই ঘুরপাক খায়, কে সেরা-লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো? একজনের যে কোনও সাফল্যে তুলনা করা হয় অন্যজনের সঙ্গে। ফুটবলের অলিগলিতে প্রতিনিয়ত চলে আসা তুলনার এই বিষয়টি মোটেও পছন্দ নয় রোনালদোর।

২০১৬ সাল ছিল রোনালদোময়। যা ধরেছেন, তাই ধরা দিয়েছে সাফল্য হয়ে। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতলেন প্রথমে, এর পর জাতীয় দল পর্তুগালের জার্সিতে জিতলেন ইউরো চ্যাম্পিয়নশিপ। তারই পুরস্কার হিসেবে এ বছর রিয়াল তারকা ব্যালন ডি’অরের পর জিতেছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খ্যাতি। মেসিকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেছেন বলে যে তুলনা হচ্ছে তা নয়, আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে তার তুলনা হয় সব বিষয়েই। যে বিষয়টা মোটেও পছন্দ নয় রোনালেদোর।

তার কাছে মাঠের বাইরে লড়াই বাদ দিলে ব্যক্তিগত জীবনে তাদের সম্পর্কটা একেবারে স্বাভাবিক। এক সাক্ষাৎকারে বিষয়টা স্পষ্ট করেছেন এভাবে, ‘আমরা একে অন্যের প্রতিদ্বন্দ্বী কারণ আমরা আলাদা দুটো দলে খেলি। তবে আমরা যখন একসঙ্গে থাকি, তখন সম্পর্কটা একেবারে স্বাভাবিক।’ সবকিছু নিয়ে মেসি-রোনালদোর তুলনা একেবারেই পছন্দ নয় তার, ‘লোকজন সব সময় আমাদের তুলনা করে, তারা এমনকি আমাদের সন্তানদের পর্যন্ত ছাড়ে না। তারা স্কুলে তুলনায় দাঁড় করায় যে কে দ্রুতগতির, কে বুদ্ধিমান। তুলনা আমি একেবারেই পছন্দ করি না। এই শব্দটার কোনও জায়গা নেই আমার পৃথিবীতে।’ কেন, সেটাও ব্যাখ্যা করেছেন পরের কথায়, ‘আমরা সম্পূর্ণ আলাদা, দুটো আলাদা মানুষ তাদের কাজ করছে-শুধু এতটুকুই।’ মার্কা

/কেআর/