চেলসির ড্রয়ের দিনে ধাক্কা খেলো আর্সেনাল

_93897704_diego_costa_penalty_reutersইংলিশ প্রিমিয়ার লিগে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো শীর্ষে থাকা চেলসিকে। লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্লুজরা।

খেলার ২৪ মিনিটে চেলসিকে এগিয়ে নেন দাভিদ লুইস। ২৫ গজ দূর থেকে দর্শণীয় ফ্রি কিক থেকে গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

৫৭ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান ভিনালদাম। এই সমতায় ঘরের মাঠে টানা তিন হারের বৃত্ত থেকে মুক্তি পেলো লিভারপুল। যেই দুই হারে ইএফএল কাপ ও এফএ কাপ থেকে ছিটকে গেছে তারা।

সমতা নিয়ে মাঠ ছাড়লেও ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল।

এদিকে শিরোপা দৌড়ে থাকা আর্সেনালকে ধাক্কা দিয়েছে ওয়াটফোর্ড। ঘরের মাঠে তাদের চমকে দিয়ে ২-১ গোলে হারিয়েছে দলটি। যেই জয়ে ১৯৮৮ সালের পর আর্সেনালের বিপক্ষে জয়ের স্বাদ নিলো পুঁচকে ওয়াটফোর্ড।

প্রথমার্ধে ১০ ও ১৩ মিনিটে দুই গোল করে দলকে এগিয়ে দেন কাবুল ও দিনে। এই অর্ধে আর প্রতিরোধ দিতে পারেনি আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে অ্যালেক্সিস সানচেসের ক্রস থেকে একটি গোল শোধ করেন অ্যালেক্স আইওবি।

যদিও এরপরই সমতায় ফেরার ‍সুযোগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু লুকাস পেরেসের জোরালো শট ক্রসবারে লাগলে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় আর্সেনালকে। এই জয়ে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল।

/এফআইআর/