মেসি-সুয়ারেস ঝলকে ফাইনালে এক পা বার্সেলোনার

এক ফ্রেমে বার্সার জয়ের দুই নায়ক মেসি ও সুয়ারেসঅ্যাতলেতিকো মাদ্রিদ ম্যাচে ফেরার সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু লিওনেল মেসি ও লুই সুয়ারেসের ঝলকে কোপা দেল রের সেমিফাইনালে এগিয়ে থাকল বার্সেলোনা। প্রথম লেগে তারা অ্যাতলেতিকোর মাঠে ২-১ গোলে জিতেছে।

প্রথমার্ধে সুয়ারেস ও মেসির গোলে বার্সেলোনা ম্যাচে চালকে আসনে বসে। তারা বিরতিতে যায় দুই গোলে এগিয়ে থেকে। আন্তোয়ান গ্রিজমানের গোলে অ্যাতলেতিকো ব্যবধান কমিয়ে আনে। কিন্তু সমতা ফেরাতে ব্যর্থ হয় তারা।

লা লিগায় শীর্ষস্থান থেকে ১০ পয়েন্টে পিছিয়ে অ্যাতলেতিকো। শিরোপার দৌড় থেকে তারা বেশ পিছিয়ে। আর তাই দিয়েগো সিমিওনির শিষ্যরা কোপা দেল রে শিরোপার আশা টিকিয়ে রাখতে বুধবার স্বাগত জানায় বার্সাকে। কিন্তু টানা তিন ড্রর পর এ ম্যাচেও তারা মুখে হাসি ফোটাতে পারেনি।

গোলের পর মেসির উল্লাসমাত্র ৭ মিনিটে সুয়ারেসের একক প্রচেষ্টায় পিছিয়ে পড়ে স্বাগতিকরা। হাভিয়ের মাসচেরানোর পাসে মাঝমাঠ থেকে একলাই বল নিয়ে দৌড় দেন উরুগুয়ান স্ট্রাইকার। এর পর দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে অ্যাতলেতিকো গোলরক্ষক মিগুয়েল ময়াকে পরাস্ত করেন সুয়ারেস। ৮ মিনিট পর সমতা ফেরাতে পারতেন দিয়েগো গডিন, কিন্তু তার হেড চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। বরং ব্যবধান দ্বিগুণ হয় আধা ঘণ্টা যেতেই। ২৫ গজ দূর থেকে মেসির বাঁ পায়ের অদম্য শট ঠেকাতে পারেননি ময়া। বিরতির আগে স্বাগতিকরা সত্যিকারের কোনও সুযোগ তৈরি করতে না পারায় ২-০ গোলে এগিয়ে ছিল কাতালান জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধে ফার্নান্দো তোরেস মাঠে নামলে অ্যাতলেতিকো কিছুটা আলো ছড়ায়। নিখুঁত এক ফ্রিকিক থেকে গডিনের হেড থেকে ব্যাকপোস্টে দাঁড়ানো গ্রিজমানের লক্ষ্যভেদী হেড তাদের ২-১ এ ব্যবধান কমায়।

শেষদিকে মেসি তৃতীয় গোল করতে পারতেন। তবে তার ফ্রিকিক জালে জড়াতে ব্যর্থ হয়। নেইমারও বঞ্চিত হন গোল করতে। আরও পরে তোরেস ও গ্রিজমান ড্র করার শেষ সুযোগ পেয়েছিলেন। কিন্তু পারেননি। এক গোলে এগিয়ে থেকে ন্যু ক্যাম্পে অ্যাতলেতিকোকে স্বাগত জানানোর সুযোগ পায় বার্সা। সূত্র- এনডিটিভি

/এফএইচএম/