বার্সেলোনাকে এখনই ফাইনালে দেখছেন না সুয়ারেস

লুই সুয়ারেসচোখ জুড়ানো সব গোলে ফুটবল বিশ্বকে মুগ্ধ করে চলেছেন লুই সুয়ারেস। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও করলেন তিনি অসাধারণ এক গোল। তার সঙ্গে মেসির লক্ষ্যভেদে বার্সেলোনা কোপা দেল রে’র প্রথম লেগ জিতেছে ২-১ গোলে। অ্যাওয়ে ম্যাচ জিতলেও এখনই ফাইনাল নিয়ে ভাবছেন না উরুগুইয়ান স্ট্রাইকার।

অ্যাতলেতিকোর মাঠ থেকে জেতাটা যে কোনও দলের জন্য কঠিন। কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগটা তাই বার্সেলোনার জন্য ছিল চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জটা জিতে নিয়েছে কাতালানরা মেসি-সুয়ারেসের গোলে। অ্যাওয়ে ম্যাচ জিতে ফেরায় তাই বার্সেলোনাকে ফাইনালে দেখছেন অনেকেই। যদিও সুয়ারেস মনে করছেন না তেমনটা। সাবেক লিভারপুল স্ট্রাইকারের মতে লড়াই শেষ হয়নি এখনও। ভিসেন্তে কালদেরন জয়ের পর সুয়ারেস বলেছেন, ‘আমরা দুটো গোল করেছি, তবে লড়াই এখনও শেষ হয়ে যায়নি। অ্যাতলেতিকো ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাবে।’

প্রথমার্ধেই কাজের কাজটা করে রেখেছিল বার্সেলোনা। একক নৈপুন্যে সুয়ারেসের দুর্দান্ত গোলের পর মেসির দূর পাল্লার শট জালে জড়ালে প্রথমার্ধ শেষ করে বর্তমান চ্যাম্পিয়নরা ২-০ ব্যবধানে এগিয়ে থেকে। প্রথমার্ধেই ম্যাচের গতিপথ ঠিক হয়ে গিয়েছিল বলে মনে করেন সুয়ারেস, ‘ওরা (অ্যাতলেতিকো) আমাদের ওপর চাপ ‍তৈরি করেছে। যদিও আমরা প্রথমার্ধের ফলটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। ওটাই গড়ে দিয়েছে পার্থক্য।’ মার্কা

/কেআর/