মাদ্রিদের ক্লাবে হিগুয়েইন যোগ দেন ২০০৭ সালে। ২০১৩ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে কাটানো সময়টাতে সব ধরনের প্রতিযোগিতা মিলে আর্জেন্টাইন তারকা গোল করেছেন ১২১টি। শেষ দিকে করিম বেনজিমার সঙ্গে জায়গা ভাগাভাগি করতে হওয়ায় স্প্যানিশ রাজধানী ছেড়ে যোগ দেন নাপোলিতে। নেপলসের ক্লাবটিতে সাফল্যময় তিন মৌসুম কাটিয়ে নতুন ঠিকানা হিসেবে বেছে নেন জুভেন্টাসকে। পেশাদারী জীবনে ক্লাব বদলের সময়টা কঠিন ছিল বলে হিগুয়েইন জানিয়েছেন স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এল মুন্দো’কে দেওয়া সাক্ষাৎকারে। রিয়াল মাদ্রিদের কথা বলেছেন তিনি সবার আগে, ‘ফুটবল আমাকে আনন্দে যেমন কাঁদিয়েছে, তেমনি কাঁদিয়েছে কষ্টে। যখন আমি (এস্তাদিও সান্তিয়াগো) বার্নাব্যু ছেড়ে গিয়েছিলাম, অবশ্যই কেঁদেছিলাম তখন। একই বিষয় ঘটেছিল নাপোলি ছাড়ার সময়টাতেও।’ সঙ্গে যোগ করলেন, ‘যেখানে খেলেছি, সেই জায়গার প্রতি আমার অন্যরকম আকর্ষণ তৈরি হয়ে গেছে, তাই দুটো ক্লাব ছাড়ার সময়টা ছিল আমার জন্য খুব কঠিন।’
রিয়ালের জার্সি গায়ে বার্সেলোনার সঙ্গে মুখোমুখি হয়েছেন অনেকবার। আরেকবার হিগুয়েইন দাঁড়াতে যাচ্ছেন জুভেন্টাসের জার্সি গায়ে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে অতীতের লড়াই তাকে আরও আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে জানালেন আর্জেন্টাইন স্ট্রাইকার, ‘প্রত্যেকেই জানে মাদ্রিদকে আমি কতটা ভালোবাসি, যদিও এখন আমি খেলছি জুভেন্টাসের হয়ে। ম্যাচটা আমার জন্য বিশেষ, কারণ আমরা মুখোমুখি হতে যাচ্ছি বড় প্রতিপক্ষের বিপক্ষে, যেটা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস জোগাচ্ছে।’ মার্কা
/কেআর/