চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হওয়ার কথা ছিল বরুশিয়া ডর্টমুন্ড-মোনাকোর। মঙ্গলবার দিবাগত রাতের ওই ম্যাচ খেলতেই মাঠে যাচ্ছিল স্বাগতিক ডর্টমুন্ডের টিম বাসটি। যাওয়ার পথে হোটেলের বাইরে তিন দফা বিস্ফোরণে কেঁপে উঠে ডর্টমুন্ডের খেলোয়াড়দের বহন করা বাস। এই ঘটনায় আহত হয়েছেন দলটির ডিফেন্ডার মার্ক বার্ত্রা।
ডর্টমুন্ড পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ হয়েছে তিন দফায়, যদিও বড় কোনও ক্ষয়-ক্ষতি হয়নি। আহত হয়েছেন শুধুমাত্র সাবেক বার্সেলোনা ডিফেন্ডার বার্ত্রা। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। যদিও বিস্ফোরণটা ঠিক কিভাবে হলো, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।
এই বিস্ফোরণে ডর্টমুন্ড-মোনাকোর চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা স্থগিত করার ঘোষণা দিয়েছে উয়েফা। বুধবার এই ম্যাচ অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
ডর্টমুন্ড তাদের টুইটারে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে টিম হোটেলের বাইরে বাসে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন ডিফেন্ডার বার্ত্রা। তাকে হাসপাতালে নেওয়া হলেও স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র খবর, চোটটা গুরুতর নয়। বাসের গ্লাসের টুকরো এসে লেগেছে বার্ত্রার হাতে। মার্কা
/কেআর/