চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দুই লেগে লিওনেল মেসি, নেইমার ও লুই সুয়ারেসদের থামিয়ে রাখা খুবই অবাক করেছে ইতালিয়ান লিজেন্ডকে। অন্তত ন্যু ক্যাম্পে বার্সেলোনা যে গোল করতে পারবে না এটা কল্পনাতেও আনেননি বুফন। জুভেন্টাসের গোলরক্ষক তাই কৃতিত্ব দিলেন ডিফেন্সের জর্জিও চিয়েল্লিনি, লিওনার্দো বোনুচ্চি ও আন্দ্রে বারজাগলিকে। আর গোলপোস্টের নিচে নিজেও দুর্বার ছিলেন বুফন।
শেষ ষোলোতে প্যারিস সেন্ত জার্মেইর মাঠে ৪-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে ৬-১ গোলের অসম্ভাব্য এক জয় পেয়েছিল বার্সেলোনা। আবারও সেই রূপে ঘরের মাঠে তাদের দেখার প্রত্যাশা ছিল জুভেন্টাসের বিপক্ষে। কিন্তু গোলশূন্য ড্র করে বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনালেই।
সেমিফাইনালে ওঠার পর জুভেন্টাসের অধিনায়ক বলেছেন, ‘ফলটা একপাশে রেখে বলা যায় আমাদের বিশ্বাস ও দৃঢ়তা ছিল চমৎকার। বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলে স্বাচ্ছন্দ্যে পরের পর্বে ওঠা নিশ্চিতভাবে আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।’ তবে বার্সেলোনার মাঠে এসে কোনও গোল হজম না করায় অবাক বুফন, ‘আমার মনে হচ্ছিল প্রথম লেগে ৩-০ গোলের জয় আমাদের জন্য পরের পর্বে ওঠার ভালো সুযোগ তৈরি করেছিল। কিন্তু সত্যি কথা বলি আমার বিশ্বাসই হচ্ছিল না ন্যু ক্যাম্পে এসে আমাদের জালে কোনও গোল হবে না। যখন এ ধরনের দলের মুখোমুখি হবেন আপনি, যাদের শক্তিশালী আক্রমণভাগ আছে তাদের কাছ থেকে অন্তত একটি বা দুটি গোল প্রত্যাশা করতেই পারেন সবসময়।’ তাই শক্তিশালী প্রতিপক্ষকে পুরো দুই ম্যাচ গোলহীন রাখতে পারাকে দলের বিশাল অগ্রগতি মনে করছেন বুফন। সূত্র- গোলডটকম
/এফএইচএম/