‘রোনালদোর একমাত্র সমস্যা মেসি’

messiকে সেরা-লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো, প্রশ্নটা ঘুরপাক খায় ফুটবল বিশ্বের অলিগলিতে। চায়ের কাপে ঝড় ওঠে সময়ের সেরা দুই খেলোয়াড়ের ব্যক্তিগত দ্বৈরথ নিয়ে। কেউ এগিয়ে রাখেন মেসিকে, কেউ আবার শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দেন রোনালদোর মাথায়। তবে জাভির কাছে বিষয়টা একেবারে পরিষ্কার। সাবেক বার্সেলোনা মিডফিল্ডারের কাছে আর্জেন্টাইন খুদে জাদুকরই ‘বিশ্বসেরা’। তাই বলে রোনালদোকে মোটেও খাটো করে দেখেন না তিনি, মেসি থাকার কারণেই পারফরম্যান্সের কৃতিত্বটা পর্তুগিজ যুবরাজ ঠিকমতো পান না বলে মন্তব্য করেছেন জাভি।

ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ একবার বলেছিলেন, রোনালদোর সবচেয়ে বড় দুঃখ হলো, তিনি জন্মেছেন মেসি যুগে। জাভি যেন তার কথাটাই বললেন একটু ঘুরিয়ে। রোনালদোর পারফরম্যান্স নিয়ে কোনও সন্দেহ নেই। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গারের গোল করার ক্ষমতা তাকে বিস্মিত করে। কিন্তু সবশেষে সাবেক বার্সেলোনা সতীর্থ মেসিই এই স্প্যানিশ মিডফিল্ডারের চোখে ‘বিশ্বসেরা’।

এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রথমে রোনালদোকে প্রশংসায় ভাসালেন জাভি এই বলে, ‘ক্রিস্তিয়ানো রোনালদো হলো জাত গোলস্কোরার, দুর্দান্ত এক ফুটবলার।’ যদিও বিশ্বসেরার প্রশ্নে তার পছন্দ অন্য, ‘কিন্তু সমস্যা হলো মেসি, যে আমার চোখে ইতিহাসের সেরা খেলোয়াড়।’ এই আর্জেন্টাইনই রোনালদোর শ্রেষ্ঠত্বের পথে একমাত্র বাধা বলে মনে করেন জাভি, ‘ক্রিস্তিয়ানো রোনালদোর সমস্যা একটাই, সেটা মেসি। তবে রোনালদো এমন এক খেলোয়াড়, যে তার গোল ও পারফরম্যান্স দিয়ে নিজের চিহ্ন এঁকে দিচ্ছে এই যুগে।’

মঙ্গলবার দিবাগত রাতে কঠিন পরীক্ষায় নামতে যাচ্ছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে তার দল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে নগর প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদের। দুর্দান্ত ছন্দে থাকা পর্তুগিজ যুবরাজের দিকে এই ম্যাচেও নিশ্চিতভাবে তাকিয়ে থাকবে রিয়াল সমর্থকরা। গোল ডটকম

/কেআর/