শুধু চ্যাম্পিয়নস লিগে নয়, ফরাসি লিগ ওয়ানেও ছুটছে মোনাকোর জয়রথ। পিএসজিকে পেছনে ফেলে তারাই এখন শীর্ষে লিগ টেবিলের। দুর্দান্ত আক্রমণভাগ তাদের স্বপ্ন দেখাচ্ছে আরও দূর যাওয়ার। যে স্বপ্নের কথা জানিয়েছেন ফালকাও নিজেই। তিনি খুব ভালো করেই জানেন জুভেন্টাসের রক্ষণভাগ নিয়ে। বার্সেলোনার মতো দল, যেখানে মেসি-সুয়ারেস-নেইমারের মতো বিশ্বসেরা খেলোয়াড়দের ভিড়, সেই তারাও ইতালিয়ান দলটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে করতে পারেনি একটা গোলও। চলতি চ্যাম্পিয়নস লিগে ইতালিয়ান চ্যাম্পিয়নরা হজম করেছে মোটে ২ গোল! সেমিফাইনালে তাহলে কতটা কঠিন পথ পাড়ি দিতে হবে, সেটা খুব ভালো বুঝতে পারছেন মোনাকো অধিনায়ক।
বুঝছেন বলেই সমীহ করছেন জুভেন্টাসকে। ফরাসি পত্রিকা ‘লেকিপ’কে দেওয়া সাক্ষাৎকারে ফালকাও বলেছেন, ‘জুভ দারুণ ভারসাম্যপূর্ণ দল, যাদেরকে জায়গা থেকে সরানো ভীষণ কঠিন।’ প্রতিপক্ষের রক্ষণের প্রশংসা করলেও নিজের দলের আক্রমণভাগ নিয়ে আশাবাদী সাবেক অ্যাতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার, ‘দুর্দান্ত রক্ষণ দিয়ে সাজানো ওদের দল, তবে যে কোনও কিছুই সম্ভব। মোনাকোর আক্রমণভাগও খুব ভালো।’
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে বুধবার ঘরের মাঠে জুভেন্টাসের মুখোমুখি হবে মোনাকো। ফিরতি লেগ খেলবে ইতালিয়ান চ্যাম্পিয়নদের মাঠে। মার্কা
/কেআর/