জুভেন্টাসের ঘরেই শিরোপা দেখছেন অ্যালেগ্রি

জুভেন্টাসের ঘরেই শিরোপা দেখছেন অ্যালেগ্রিচ্যাম্পিয়নস লিগ ফাইনালে পৌঁছেছে জুভেন্টাস। দ্বিতীয় লেগে মোনাকোকে ৪-১ গোলে উড়িয়ে দাপট বজায় রেখেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। সেই জুভ কোচই দাবি করেছেন শিরোপা জেতার যথার্থ যোগ্যতা রয়েছে তার দলের, ‘আমার মনে হয় এটাই শিরোপা জেতার মোক্ষম সময়। জুভেন্টাসের সেটা করার ক্ষমতা অবশ্যই আছে।’

অবশ্য এর আগে জুভ অধিনায়ক বুফন বলেছিলেন, ফাইনালে পা রাখলেই সব কিছু শেষ হয়ে যাবে না। কার্ডিফে জেতার পরই তৃপ্তির ঢেঁকুর তুলবে ইতালিয়ান জায়ন্টরা। বুফনের সেই সুরে তাল মেলালেন কোচ অ্যালিগ্রিও, ‘গিগি ঠিকই বলেছে। ফাইনালে গিয়েছি কিন্তু সেখানে আমাদের জিততেই হবে। আমাদের আরও মনোযোগী হতে হবে।’

শুধু ফাইনালেই নয়, সেরাটা দেখাতে ঘরোয়া লিগকেও পাখির চোখ করেছেন অ্যালেগ্রি, ‘আমাদের রোমার বিপক্ষেও ফলটাকে মাথায় রাখতে হবে। কারণ একটি পয়েন্টই আমাদের সিরি ‘আ’র শিরোপা জেতাবে। সঙ্গে কোপা ইটালিয়ার ফাইনালে লাৎজিও ম্যাচটিও মাথায় রাখতে হবে।’

ফাইনালে পৌঁছালেও এখনই তৃপ্ত নন জুভেন্টাসের এই কোচ। চাইছেন ফাইনালকে ঘিরেই রণকৌশল সাজাতে, ‘ছেলেরা যা করেছে তাতে সত্যিই অভিভূত। ফাইনালে পৌঁছালেও আমরা কিন্তু এখনও কিছু জিতে যাইনি। আমাদের সেদিকেই লক্ষ্য রাখতে হবে।’মোনাকোর বিপক্ষে জিতে ফাইনালে চলে গেছে জুভেন্টাস। অবশ্যই তাতে কৌশলী ভূমিকা ছিল কোচ অ্যালেগ্রির। কিন্তু নিজের অবদানকে এভাবেই মূল্যায়ন করলেন সেই কোচ, ‘আমার কোনও কিছুর জন্য বাহবার প্রয়োজন নেই। আমি আমার কাজটাই করেছি। আসলে সেটা প্রচণ্ড আগ্রহ নিয়েই করে থাকি।’

/এফআইআর/