উয়েফা সুপার কাপ

মেসিডোনিয়ায় আজ মরিনহো-রোনালদোর পুনর্মিলনী

সাবেক ক্লাবের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি মরিনহোরইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুমের পর্দা উঠছে মঙ্গলবার রাতে। প্রস্তুত মেসিডোনিয়ার স্কপিয়ের দ্বিতীয় ফিলিপ স্টেডিয়াম। ইউরোপিয়ান পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে আজ দিবাগত রাত পৌনে ১টায় মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ইউরোপা লিগজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।

এ লড়াই শুধু শিরোপার নয়। সাবেক ক্লাবের বিরুদ্ধে দুই তারকা কোচ ও খেলোয়াড়ের লড়াই- রিয়ালের বিপক্ষে কোচ হোসে মরিনহোর প্রতিশোধের এবং ম্যানইউর বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদোর ফিটনেসের।

চার বছর আগে অশান্ত এক পরিস্থিতিতে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়েছিলেন মরিনহো। এরপর কখনও রিয়ালের মুখোমুখি তিনি হননি। অবশেষে সাবেক ক্লাবের সঙ্গে দেখা হচ্ছে পর্তুগিজ কোচের। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা মরিনহোর অধীনেই জিতেছিল রিয়াল। ইউরোপের মঞ্চ দাপিয়ে বেড়াতে এরই মধ্যে রোমেলু লুকাকু ও পল পোগবাকে তৈরি করে রেখেছেন। তাদের পেছনে অনেক খরচ করেছেন মরিনহো। এবার এই দুই তারকাকে দিতে হবে সামর্থ্যের পরীক্ষা।

গত তিন আসরে দুইবারের চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে ফাইনালের আগে রোমাঞ্চিত মরিনহো। একে বিশেষ একটি ম্যাচের মর্যাদা দিয়েছেন রিয়ালের সাবেক কোচ, ‘আমি রিয়ালকে যেভাবে দেখি: একটি সেরা ক্লাব, ইউরোপ চ্যাম্পিয়ন। এটাই আমাদের জন্য বড় একটা প্রেরণা।’ প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের জয়ের সম্ভাবনা দেখছেন তিনি, ‘এটা নতুন একটা ম্যানচেস্টার ইউনাইটেড। ফুটবলারদের নতুন প্রজন্ম। গত মৌসুম পেয়েছি ইউরোপা লিগ। এবার আমরা চ্যাম্পিয়নস লিগে ফিরছি। ইউরোপের সেরা একটি দলের বিপক্ষে উয়েফা সুপার কাপ খেলা দারুণ সুযোগ।’টানা দ্বিতীয় সুপার কাপ জয়ে রামোসদের প্রস্তুতিস্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতার বিশ্বাস, রিয়ালের সঙ্গে তার দল ম্যানইউর খুব একটা ফারাক নেই। মরিনহো কতটা শক্তিশালী দল তৈরি করেছেন সেটা তিনি দেখিয়ে দিতে চান সুপার কাপ জিতে।

রিয়ালের প্রাক মৌসুমের ফলাফল হয়তো মাতাকে এমন আত্মবিশ্বাসী করে তুলছে। কারণ জিনেদিন জিদানের দল চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে, বাকি একটি জিতেছে টাইব্রেকারে। ইউরোপ চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাসে চিড় ধরার কথা। কিন্তু দুদিন আগে ক্রিস্তিয়ানো রোনালদোর আগমনে দলে চাঙা ভাব ফিরে এসেছে। গত ৩ জুন চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর প্রথমবার রিয়ালের জার্সি পরতে যাচ্ছেন তিনি। অবশ্য তার খেলার সম্ভাবনা জোরালো নয়। তারপরও রোনালদো দলের সঙ্গে থাকায় আত্মবিশ্বাসী কোচ জিদান, ‘রোনালদো ফুরফুরে মেজাজে আছে। আমাকে একটা ব্যাপার মুগ্ধ করেছে, দুই মাস আগের মতো ফিট আছে সে। এটাই সবচেয়ে খুশির খবর।’

দলে রোনালদোর গুরুত্ব বোঝাতে গিয়ে ফরাসি কিংবদন্তি বলেছেন, ‘আমাদের সঙ্গে সে থাকা মানে অনেক কিছু। সে খেলার জন্য প্রস্তুত বলেই আমাদের সঙ্গে এখানে এসেছে। সে খেলবে কি খেলবে না দেখা যাক। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে, সে আমাদের সঙ্গে আছে।’

অনুশীলনে রোনালদোরোনালদোকে না পেলেও রিয়ালের চতুর্থ সুপার কাপ জয়ের অনুপ্রেরণা হতে পারে গত আসর। পর্তুগিজ উইঙ্গারকে ছাড়াই অতিরিক্ত সময়ে তারা শিরোপা জিতেছিল ৩-২ গোলে। সের্হিয়ো রামোসের ইনজুরি সময়ের গোলে ম্যাচ যায় অতিরিক্ত সময়ে। রিয়ালের অধিনায়ক আরেকটি সুপার কাপ হাতে নিতে মরিয়া, ‘অধিনায়ক হওয়ায় আমি প্রত্যেকবার এ প্রশ্নের মুখোমুখি হই। রিয়ালের অধিনায়কের মর্যাদা আমার জন্য অনেক গর্বের। মঙ্গলবার আমরা আরেকটা ট্রফি জিতে ইতিহাস গড়তে চাই। এরপর সেটা উৎসর্গ করতে চাই ভক্তদের।’

ভক্তদের দেওয়া এ আশ্বাস রামোস পূরণ করতে পারবেন, নাকি ১৯৯১ সালের পর উয়েফা সুপার কাপে দ্বিতীয়বার শিরোপা হাতে নেবে ম্যানইউ? শক্তিতে ও আত্মবিশ্বাসে দু দলই নিজেদের পরিপূর্ণ মনে করলেও মাঠে মিলবে আসল জবাব। মার্কা, গোল, ইএসপিএনএফসি

/এফএইচএম/এএআর/