বার্সেলোনার সঙ্গে মেসি নতুন চুক্তি না করায় অনেক গুঞ্জন উড়াউড়ি করছিল বাতাসে। শেষ পর্যন্ত কাতালান ক্লাবটি গত মাসে ঘোষণা করে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন মেসি। যদিও এখনও চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি। ২০১৮ সাল পর্যন্ত থাকা আগের চুক্তি অনুযায়ী পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর বাইআউট ক্লজ ৩০০ মিলিয়ন ইউরো। নেইমারের ২২২ মিলিয়ন ইউরোর বাইআউট ক্লজের শর্ত পূরণ করে ইউরোর যে ঝনঝনানি শুনিয়েছে পিএসজি, মেসির বেলাতেও সেরকম কিছু হতে পারে কিনা- এমন প্রশ্নে গার্দিওলার উত্তর, ‘জানি না। কেউ নিশ্চয় আছে, যাদের অনেক টাকা আছে এবং তারা খরচ করতে ইচ্ছুক। হতেও পারে এমনটা (মেসির বাইআউট ক্লজ দিয়ে কেনা)।’
সোমবার রাতে ঘরের মাঠে ম্যানসিটি ১-১ গোলে ড্র করেছে এভারটনের সঙ্গে। ১০ জনের দল নিয়েও সফরকারীদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় সন্তুষ্ট গার্দিওলা, ‘জয়ের জন্যই আমরা মাঠে নেমেছিলাম। তবে ৬০ মিনিট ১১ জনের বিপক্ষে ১০ জনের লড়াই চালিয়ে শেষ পর্যন্ত ড্র করাটা জয়ের মতোই। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। বিপরীতে ওরা একটাই সুযোগ পেয়ে গোল করেছে।’ গোল ডটকম