আয়োজক রাশিয়ার সঙ্গে ব্রাজিল, ইরান, জাপান ও মেক্সিকোর পর ষষ্ঠ দল হিসেবে আগামী বিশ্বকাপের টিকিট পেয়েছে বেলজিয়াম। তিন বছর আগের ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।
‘এইচ’ গ্রুপের ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট পেয়েছে বেলজিয়াম। বাছাইয়ের এখনও দুই ম্যাচ বাকি। তবে গ্রুপের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা কোনোভাবেই ধরতে পারবে না রবার্তো মার্টিনেজের দলকে।
গ্রিকদের মাঠে মাত্র চার মিনিটেই হয়েছে তিন গোল। ৭০ মিনিটে ভারটনঘেনের গোলে এগিয়ে যায় বেলজিয়ানরা। তিন মিনিট পর গ্রিসের মিডফিল্ডার জেকা গোলশোধ করেন। ৭৪ মিনিটেই লুকাকুর দুর্দান্ত গোল। বাছাইয়ে তার দশম গোলেই নিশ্চিত হয় বেলজিয়ামের বিশ্বকাপ।
তাদের গ্রুপের বসনিয়া হার্জেগোভিনা ৪-০ গোলে জিব্রাল্টারকে হারিয়েছে। ১-০ গোলে এস্তোনিয়া হারায় সাইপ্রাসকে। জিব্রাল্টার ছাড়া এখনও প্লে অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা টিকে আছে অন্যদের।
ফ্রান্স বড় ধরনের হোঁচট খেয়েছে ঘরে। তাদের চেয়ে র্যাংকিংয়ে ১২৬ ধাপ পিছিয়ে থাকা লুক্সেমবার্গের সঙ্গে গোলশূন্য ড্র করেছে গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া দলটি। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষেই আছে ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ীরা। তবে বেলারুশকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে তাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১ এ এনেছে সুইডেন। বুলগেরিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ে বিশ্বকাপ খেলার আশা টিকিয়ে রেখেছে নেদারল্যান্ডস।
গ্রুপে অন্তত দ্বিতীয় স্থানে থাকাটা নিশ্চিত করেছে পর্তুগাল। ১০ জনের হাঙ্গেরিকে তারা ১-০ গোলে হারিয়েছে। ‘বি’ গ্রুপে ৮ ম্যাচে ২১ পয়েন্ট তাদের। লাটভিয়ার বিপক্ষে সুইজারল্যান্ড ৩-০ গোলে জিতে ৩ পয়েন্টের ব্যবধানে গ্রুপ শীর্ষে আছে। গ্রুপের আরেক ম্যাচে অ্যান্ডোরাকে ১-০ গোলে হারিয়েছে ফারো আইল্যান্ড।