সুযোগ নষ্টের আক্ষেপ আর্জেন্টিনা কোচের

আরেকটি ড্রয়ে রাজ্যের হতাশা মেসির চেহারায়বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম স্থানে থেকে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শুরু করেছিল আর্জেন্টিনা। সপ্তাহ শেষে পয়েন্ট টেবিলের একই অবস্থানে তারা। দুই ম্যাচেই জয়ের প্রত্যাশা করে শেষ পর্যন্ত মাত্র দুই পয়েন্ট অর্জন করতে পেরেছে দুইবারের বিশ্বকাপ জয়ীরা। অথচ জিতলে ভালো একটা জায়গায় থাকতে পারতো তারা। এমন সুযোগ নষ্ট হওয়ায় আক্ষেপে পুড়ছেন নতুন কোচ হোর্হে সাম্পাওলি।

পেরু ও ইকুয়েডরের বিপক্ষে আগামী অক্টোবরে বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে হলে অবশ্যই বাকি ম্যাচগুলো জিততে হবে। আর যদি পঞ্চম স্থানেই থাকে তবে আর্জেন্টাইনদের খেলতে হবে প্লে অফে, সেখানে তাদের প্রতিপক্ষ থাকবে ওশেনিয়া অঞ্চলের।

তবে আর্জেন্টিনা এখন পর্যন্ত ঝুঁকির মধ্যে আছে। রাশিয়া বিশ্বকাপ নিয়ে বড় ধরনের শঙ্কায় তারা পড়েছে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলের ড্রয়ে। টানা দুটি ম্যাচ ড্রর পর সাম্পাওলি স্বীকার করলেন তারা ‘জটিল’ অবস্থার মধ্যে আছেন। আর্জেন্টিনার দায়িত্ব নিয়ে এখনও জয়ের দেখা না পাওয়া কোচ বলেছেন, ‘আমরা বড় সুযোগ হাতছাড়া করলাম। কিন্তু এটাই ফুটবল। এ ধরনের ঘটনা ঘটতেই পারে। বিশেষ করে গোলের সামনে সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারলে এমনটা হয়।’

তবে আশা হারাচ্ছেন না সাম্পাওলি। চিলির সাবেক কোচ বলেছেন, ‘আমি আশা করি এ অস্বস্তি দলকে কোনও ধরনের দ্বিধার মধ্যে ফেলবে না কিংবা আমাদের ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়াবে না।’

দুটি ম্যাচ জিতলে অন্যরকম গল্প হতো অবশ্যই। কিন্তু সেটা না হওয়ায় হতাশ সাম্পাওলি, ‘এখন আমাদের পেরুর বিপক্ষে অক্টোবরে খেলতে হবে। ভেনেজুয়েলার বিপক্ষে যেভাবে খেলেছি সেভাবেই খেলে জিততে চাই এবং বাছাইয়ে ভালো অবস্থায় থাকতে চাই। সবকিছু অনেক বেশি জটিল হয়ে গেছে আমাদের জন্য। কারণ আমরা ভেবেছিলাম দুটি ম্যাচ জিতলে অনেক ভালো অবস্থানে থাকতে পারতাম। কিন্তু দুটি ম্যাচে আমরা অনেক এগিয়ে থেকেও থেকে পেলাম দুই পয়েন্ট।’

মেসির প্রশংসা করেছেন আর্জেন্টিনার নতুন কোচ। সম্প্রতি বার্সেলোনা ফরোয়ার্ডের সঙ্গে দ্বন্দ্বের খবর উড়িয়ে দেওয়া সাম্পাওলি বলেছেন, ‘বাকিদের চেয়ে মেসি ভালো খেলেছে। বেশ কয়েকবার ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল সে।’