মেসি-নেইমারের সমান বেতন চান রোনালদো!

রোনালালদো ও মেসিগত বছর রিয়াল মাদ্রিদের সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। যদিও বছর যেতেই নাকি আবার বেতন বাড়ানোর আবেদন করেছেন তিনি রিয়াল মাদ্রিদের কাছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র খবর, লিওনেল মেসি ও নেইমারের সমান বেতন দাবি করেছেন পর্তুগিজ তারকা।

২০২১ সাল পর্যন্ত করা নতুন চুক্তিতে রোনালদো প্রতি মৌসুমে বেতন পাবেন ২২ মিলিয়ন ইউরো। নতুন এই চুক্তি তাকে বানিয়েছিল ফুটবলের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। কিন্তু গ্রীষ্মের দলবদলে নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দিলে বেতনের দিক থেকে ‍পিছিয়ে পড়েন রিয়াল উইঙ্গার। ২২২ মিলিয়ন ইউরোর দলবদলে পিএসজিতে নাম লেখানো নেইমার মৌসুম প্রতি বেতন পাবেন ২৫ মিলিয়ন ইউরো।

মেসির বেতনও হতে যাচ্ছেন নেইমারের মতো। নতুন চুক্তিতে সই না করলেও কাতালান ক্লাবটি আর্জেন্টাইন অধিনায়াকের সঙ্গে তিন বছরের চুক্তির ঘোষণা দিয়েছে ইতিমধ্যে, ওই চুক্তিতে তারা মেসিকে করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। তাই ইউরোপিয়ান মিডিয়ার খবর, নেইমারের চেয়েও বেতন বেশি হতে পারে মেসির।

বেশি না হলেও নেইমারের সমান ২৫ মিলিয়ন ইউরো বেতন পাওয়ার কথা মেসির। সেক্ষেত্রে টাকার দিক থেকে পিছিয়ে পড়বেন রোনালদো। মাঠের ফুটবলে সবসময় লড়াই করে চলা পর্তুগিজ যুবরাজ এই জায়গাতেও হয়তো পিছিয়ে থাকতে চাইছেন না। তাই বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের ৩-১ গোলের জয়ের পর বোর্ড কর্তাদের নাকি বেতন বাড়ানোর কথা বলেছেন তিনি। ওই ম্যাচে জোড়া গোল করা রোনালদো নাকি এটাও নিশ্চিত করেছেন, এই মুহূর্তে তিনি সুখেই আছেন রিয়ালে, তবে পারফরম্যান্স ও ভবিষ্যতের কথা মাথায় রেখেই তিনি বেতন বাড়ানোর কথা বলেছেন রিয়ালকে।

যদিও ‘মার্কা’র খবর, রিয়াল কর্তৃপক্ষ রোনালদোর দাবি সমর্থন করেনি। গত বছর হওয়া চুক্তি নিয়ে আপাতত তাদের খুব একটা মাথাব্যথা নেই। ‘লস ব্লাঙ্কোদের’ ভাবনা এখন অধিনায়ক সের্হিয়ো রামোসের চুক্তি নবায়ন নিয়ে। মার্কা