আলবেনিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুশকেৎস। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শততম ম্যাচ খেলবেন বার্সেলোনা মিডফিল্ডার। ‘লা রোজাদের’ হয়ে এই মাইলফলক ছোঁয়ার অনুভূতি ভাগাভাগি করতে গিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয় আমি আরও অনেক বছর জাতীয় দলের হয়ে খেলে যাব।’
যদিও কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলনে স্প্যানিশদের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না কাতালানদের। উত্তাল এই পরিস্থিতি নিয়ে বুশকেৎসের বক্তব্য, ‘এখন যে সব ঘটনা ঘটছে, তাতে এটা আমার জাতীয় দলের ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সময়। আমার মনে হয় জেরার্দ পিকের বিষয়টি এত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে না।’
বরাবরই কাতালানদের স্বাধীনতা আন্দোলনে স্পষ্ট কথা বলা পিকেকে স্পেন দলের অনুশীলন চলার সময় দুয়ো দিয়েছে স্প্যানিশ সমর্থকরা। ওই ঘটনার পর বার্সেলোনা ডিফেন্ডারের সঙ্গে বুশকেৎসের আলোচনা হয়েছে বলে খবর ছিল স্প্যানিশ মিডিয়ার। যদিও সেটা উড়িয়ে দিয়ে বার্সেলোনা মিডফিল্ডার বলেছেন, ‘নির্দিষ্ট কোনও বিষয় নিয়ে পিকের সঙ্গে আমার কোনও আলোচনা হয়নি। এমনকি আমি জানিই না রামোস ও পিকে কথা বলে কিনা।’ মার্কা