সর্বশেষ ঢাকা আবাহনীর সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন অমলেশ। শনিবার বিকেলে অনুশীলনও করিয়েছেন দলকে। এরপর হঠাৎ অসুস্থবোধ করতে থাকেন। আবাহনী ক্লাবের পাশেই নেওয়া হয় হাসপাতালে। সেখানেই মারা যান স্বাধীন বাংলা ফুটবল দলে খেলা অমলেশ।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ফুটবল নিয়ে যুদ্ধ করা অমলেশ ১৯৭২ সালে যোগ দেন আবাহনীতে। ১৯৮৪ সালে আবাহনীতে খেলেই অবসর নিয়েছিলেন। পেশাদার ফুটবল ক্যারিয়ারে খেলেছেন মোহামেডান, ফায়ার সার্ভিস ও ইস্ট এন্ড ক্লাবে। বেশ কয়েক দফায় আবাহনীর কোচ ছিলেন। গত মৌসুম থেকে ছিলেন সহকারী কোচের দায়িত্বে। সেই প্রিয় আবাহনীতেই কাজ করতে করতে তিনি চলে গেলেন না ফেরার দেশে।
রাত ৯টায় অমলেশের মরদেহ আবাহনী ক্লাবে নিয়ে আসা হলে সর্বস্তরের জনগণ শেষ শ্রদ্ধা জানায়।