পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনায় ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন মেসি। সেই গার্দিওলা এখন ম্যানসিটির কোচ। ইংলিশ ক্লাবটির দায়িত্ব নেওয়ার সময়ই তার কাছে প্রশ্ন ছিল, মেসিকে ইতিহাদে নিয়ে আসবেন কিনা। উত্তরে গার্দিওলা বলেছিলেন, ‘মেসি ন্যু ক্যাম্পেই ভালো আছে।’ দিনকয়েক আগেও একই মন্তব্য করেছেন তিনি। যদিও স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-এর খবর, ম্যানসিটি ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করতে যাচ্ছে জানুয়ারির দলবদলে।
ইতিমধ্যে বার্সেলোনা কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, মেসির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি হয়ে গেছে বার্সেলোনার। শুধুমাত্র চুক্তি স্বাক্ষরের ছবি তোলাটাই বাকি। ৫ জুলাইয়ের ওই ঘোষণার পর এখনও সেটা বাস্তবে রূপ নেয়নি। তাই প্রশ্নটা আরও জোরালো হয়েছে, মেসি কি থাকবেন ন্যু ক্যাম্পে? ২০১৮ সালের জুনে চলতি চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া আর্জেন্টাইন অধিনায়ক শেষ পর্যন্ত চুক্তি নবায়ন না করলে ম্যানসিটি তার জন্য ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করবে বলে খবর ‘এএস’-এর।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ম্যানসিটির এক কর্তার উদ্ধৃতি দিয়ে খবর ছেপেছে। যেখানে ওই কর্তা বলেছেন, ‘ফুটবলারের (মেসির) কাছের মানুষদের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে (ম্যানসিটি বোর্ডের)।’ অবশ্য মেসি যে বার্সেলোনাতেই সুখী আছেন, সেটাও আবার নিশ্চিত করেছে ওই সূত্রটি। এএস