সাও পাওলোর মাঠে প্রথমার্ধটা চিলি আটকে রেখেছিল ব্রাজিলকে। স্বাগতিকরা আগেই বিশ্বকাপ নিশ্চিত করলেও নিজেদের সেরাটা দিয়ে লড়াই করছে। শুরু থেকে আক্রমণ চালিয়ে ব্যস্ত রেখেছে নেইমাররা সফরকারীদের। যদিও প্রথমার্ধে সুবিধা করতে পারেনি।
বিরতি থেকে ঘুরে এসে ৫৫ মিনিটে সেলেসাওদের এগিয়ে নেন পাউলিনিয়ো। দানি আলভেসের ফ্রি কিক চিলিয়ান গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো ঠিকমতো ধরতে না পারায় সামনে থাকা বার্সেলোনা মিডফিল্ডার জালে জড়িয়ে এগিয়ে নেন ব্রাজিলকে।
মিনিট দুয়েক পর আবারও উদযাপন স্বাগতিকদের। এবার স্কোরশিটে নাম তোলেন গাব্রিয়েল হেসুস। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডই দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে চিলির কফিনে মারেন শেষ পেরেকটি। যাতে ৩-০ গোলের হারে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যায় ষষ্ঠ হওয়া চিলির।
চিলির হারে সবচেয়ে লাভ হয়েছে পেরু ও কলম্বিয়ার। লিমায় ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে খুশি হয়ে মাঠ ছেড়েছে দুই দলই। অবশ্য আনন্দটা বেশি কলম্বিয়ারই। ২৭ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে তারা। অন্যদিকে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম হওয়া পেরুকে এখন প্লে অফ খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫৬ মিনিটে হামেস রোদ্রিগেসের গোলে এগিয়ে যায় শুরুতে কলম্বিয়া। যদিও স্বাগতিক পেরু ৭৬ মিনিটে সমতায় ফেরে পাওলো গুয়েরেরোর লক্ষ্যভেদে।
বলিভিয়াকে হারিয়ে বিশ্বকাপে উরুগুয়ে:
লুই সুয়ারেসের জোড়া লক্ষ্যভেদে বলিভিয়াকে ৪-২ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে উরুগুয়ে। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে রাশিয়ার টিকিট পেয়েছে সুয়ারেসরা।